বিএনপি নেতার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের মামলা
হবিগঞ্জের মাধবপুরে ব্যবসায়িক অংশীদারের প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা আত্মসাৎ এবং পাওনা টাকা চাইতে গেলে হত্যা করে লাশ গুমের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা করেছেন ভুক্তভোগী এক ব্যবসায়ী।
অভিযুক্ত এখলাছুর রহমান ভূঁইয়া মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বেলঘর গ্রামের মৃত জমসেদ মিয়া ভূঁইয়ার ছেলে। মামলার বাদী ঢাকার বাসিন্দা মৃত আব্দুল কাদির ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী মুকশেদ ব্যাপারী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বালু উত্তোলন ও বিক্রির ব্যবসা নিয়ে এখলাছুর রহমান ভূঁইয়ার সঙ্গে মুকশেদ ব্যাপারীর চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে স্তূপ করে রাখা হয়। গত বছর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের গোলাপ খাঁর ছেলে ও মামলার ৪ নম্বর সাক্ষী ইউসুফ খাঁর তত্ত্বাবধানে এসব বালু উত্তোলন করা হয়। চুক্তি অনুযায়ী অংশীদার হিসেবে এখলাছুর রহমানের মূলধন বিনিয়োগের কথা থাকলেও তিনি দলীয় ও স্থানীয় প্রভাব খাটিয়ে কোনো অর্থ বিনিয়োগ করেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, বাদী মুকশেদ ব্যাপারী নিজের অর্থে ৯৮ লাখ টাকার বেশি ব্যয় করে চলতি বছরে ৭ লাখ ৫৫ হাজার ঘনফুট বালু মজুদ করেন। ‘পিডিএল’ কোম্পানির কার্যাদেশ অনুযায়ী এসব বালু সরবরাহ করা সম্ভব হলে বিক্রয়মূল্য দাঁড়াত ১ কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকা। তবে অভিযুক্ত এখলাছুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে মজুদ করা বালু আটকে রাখেন এবং নিজেই তা বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করেছেন বাদী।
অভিযোগে আরও বলা হয়, বালু উত্তোলনের সঙ্গে জড়িত মুকশেদ ব্যাপারী ও ইউসুফ খাঁকে এলাকায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। পাওনা টাকা ফেরত চাওয়া কিংবা বালু পরিবহনের বিষয়ে কথা বললে তাঁদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।
এসব ঘটনায় মুকশেদ ব্যাপারী বাদী হয়ে গত ১৪ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে সিআর মামলা নম্বর ১২৭৯/২৬ দায়ের করেন। মামলায় এখলাছুর রহমান ভূঁইয়া ছাড়াও বেলঘর গ্রামের জমসিদ মিয়ার ছেলে মেহেদী হাসান টিটু এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের জবু মিয়ার ছেলে সোহাগ ও মৃত বেদন মিয়ার ছেলে মোস্তাককে আসামি করা হয়েছে।
বাদী মুকশেদ ব্যাপারী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এখলাছুর রহমান ভূঁইয়া তাঁর কাছে এখনো প্রায় ৫ লাখ টাকা পাওনা থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, “বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে। এরপরও আদালতে মামলা দায়ের করায় আমি হতাশ।”



























