মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৮, ২৪ নভেম্বর ২০২৬

এনায়েতপুরে আশরাফ হত্যা, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে মামলা

এনায়েতপুরে আশরাফ হত্যা, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে মামলা
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের এনায়েতপুরে হামলায় ছুরিকাঘাতে আহত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আশরাফ আলীর (৫৮) মৃত্যুর ঘটনায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার ৬ দিন পর সোমবার (২৩ নভেম্বর) নিহতের ছেলে ইয়াকুব আলী বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি করেন। এতে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রইস উদ্দিন ব্যাপারী (৪০), এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার (৩০), আজগড়া পাইকরতলা গ্রামের মো. খাজানুর (৩৪), গোপরেখী গ্রামের হযরত আলী (৩২), খামার গ্রামের কলেজপাড়ার সেলিম হোসেন (৩২), ভাঙ্গাবাড়ি গ্রামের মো. সোনা মিয়া (৩২), দৌলতপুর দক্ষিণপাড়ার মো. মোস্তফা (৩৫) ও গোপরেখী গ্রামের মো. ইয়াহিয়া (৩২)।

এর আগে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানার গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে বসে পান খাচ্ছিলেন আশরাফ আলী। এ সময় ১০-১৫টি মোটরসাইকেলে করে ২০-৩০ জনের একটি দল সেখানে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধরের পাশাপাশি পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ নভেম্বর ভোররাতে তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী বেপারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক ছিলেন।
 

জনপ্রিয়