ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরী সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনহল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মো. আসাদুজ্জামান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশে সন্ত্রাস, নাশকতা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিস্তার ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আর সাধারণ মানুষ আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। কিন্তু দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকারের কার্যকর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।
তারা আরও বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো দল, গোষ্ঠী কিংবা ব্যক্তির পরিচয় অপরাধের দায়মুক্তির কারণ হতে পারে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। রাজনৈতিক বিবেচনায় অপরাধীদের প্রশ্রয় দেওয়ার সংস্কৃতি বন্ধ করতে হবে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আমির মো. আব্দুল করিম, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, বায়তুলমাল সম্পাদক গোলাম মহসীন খান, কর্মপরিষদ সদস্য হায়দার করিম, আব্দুল আজিজ, খন্দকার আবু হানিফ, ইঞ্জিনিয়ার আব্দুল বারী, ওয়ালীউল্লাহ মুজাহিদসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার নেতাকর্মীবৃন্দ।



























