বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রাহায়ণ ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৯:০৬, ২৫ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সরকার পতন হবে: রেজাউল করিম

আওয়ামী লীগকে পুনর্বাসন করলে সরকার পতন হবে: রেজাউল করিম
ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আপনারা (সরকার) যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলে, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন শেখ হাসিনার আগমন এবং সরকার পতন একইসঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।

বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হিসেবে নির্বাচিত হন আইনজীবী রেজাউল ইসলাম খাঁন সুমন।

রেজাউল করিম বলেন, শেখ হাসিনা যদি আসে তাহলে তাকে ফাঁসির মঞ্চে যেতে হবে। আর এটির জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে যারা যারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিতরাই শেখ হাসিনা যে পথে আসবে, সেখান থেকে ধরে নিয়ে তার ফাঁসি কার্যকর করবে।

তিনি আরও বলেন, আজকে বোমাবাজি, গাড়ি সন্ত্রাস, আগুন সন্ত্রাস বিভিন্ন জায়গায় যা হচ্ছে এটি হচ্ছে ক্ষমতাসীনদের হাতের কামাই। তারাই কিন্তু অর্থবিত্ত নিয়ে এই ফ্যাসিবাদিদেরকে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে। মন্ত্রী-এমপি থেকে শুরু করে তারা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে রিসিভ করেছে।

জামায়াতের এ নেতা আরও বলেন, আজকে যিনি রাষ্ট্রপতি তিনি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় বলেছেন, আওয়ামী লীগ আপনারা আমাদের ধানের শীষে ভোট দেন, আপনাদের সব মামলা তুলে নেওয়া হবে। আপনারা খুব শান্তিতে থাকতে পারবেন। এখন কি শান্তির বার্তা নিয়ে আসছে? না আগুন নিয়ে আসছে? সুতরাং এ আগুন শুধু আপনাদের ঘর জ্বালাচ্ছে না, এ আগুন গোটা বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমীর মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান, চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর এড. রেজাউল ইসলাম খাঁন সুমন, সাবেক আমীর নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।