চট্টগ্রামে পুলিশ বক্স ও ভূমি অফিসে আগুন
চট্টগ্রাম নগরে কয়েক ঘণ্টার ব্যবধানে পুলিশ বক্স ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে নগরের হালিশহর থানার বড়পোল পুলিশ বক্সে এবং বুধবার (২৫ নভেম্বর) রাতে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে এসব ঘটনা ঘটে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ও পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার পৃথকভাবে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বড়পোল পুলিশ বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বক্সটির জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ বিষয়ে ওসি জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বক্সেও স্বাভাবিক কার্যক্রম চলছে। তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এর দুই দিন আগে ১৭ নভেম্বর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছিল পুলিশ।
এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার বলেন, আগুন দেওয়ার সময় ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে পুলিশ তালা ভেঙে ফটক খুলে দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।



























