দিনব্যাপী নানা আয়োজনে আইইউমুনা’র নবীনবরণ ও প্রবীণ বিদায়
দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন সদস্যদের বরণ ও প্রবীণদের বিদায় জানালো ইসলামী বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন (আইইউমুনা)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিবিএ অনুষদ ভবনের নিচ তলায় ওপেনিং সেরেমনির মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর মক মান, এক্সিকিউটিভ ইন্ট্রোডাকশন, সম্মিলিত ফটোসেশন, দুপুরের খাবারের বিরতি ও প্রবীণদের বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এসবি ডিনারের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি শেষ হয়।
সানজিদা আলম অর্পার সঞ্চালনায় ও আব্দুল মান্নান লুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, বিদায়ী সেক্রেটারি জেনারেলসহ প্রবীণ ও নবীন সদস্যরা।
অনুষ্ঠানে বিদায়ী সেক্রেটারি ফজলে রাব্বী বলেন, “আইইউমুনার সাথে যাত্রা শুরু করেছিলাম ২০২২ সালে অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে। আজকে ২০২৬ সালে এসে সেক্রেটারি হিসেবে বিদায় নিচ্ছি। এই দীর্ঘ জার্নিতে এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে, অনেকের সাথে পরিচয় হয়েছে। এই জার্নিতে আমার সিনিয়র, জুনিয়র, সহপাঠী সকলের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পেয়েছি। নবাগত সদস্যদের জন্য অফুরান শুভকামনা এবং আমার অনুজদের প্রতিও অনেক ভালোবাসা। আশা রাখি, তারা সংগঠনকে সঠিক পথে পরিচালিত করে দেশে ও বিদেশে আইইউমুনার কৃতিত্বের স্বাক্ষর রাখবে।”
আইইউমুনার বর্তমান সভাপতি আব্দুল মান্নান লুমান বলেন, “তিনটি নির্দিষ্ট ধাপ অনুসরণ করে দুই শতাধিক অ্যাপ্লিকেন্টের মধ্য থেকে আমরা ৮৪ জন ডেলিগেট নির্বাচন করেছি, যাদেরকে আমরা আজকে বরণ করে নিচ্ছি। সেই সাথে আমাদের সংগঠনের গত কমিটির প্রবীণদের আজকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাচ্ছি। নবীনদের স্বাগত জানাচ্ছি এবং প্রবীণদের জন্য নিরন্তর শুভকামনা থাকবে আইইউমুনার পক্ষ থেকে। আইইউমুনা সবসময় চেষ্টা করে বৃহৎ আয়োজনের মাধ্যমেই প্রোগ্রাম পরিচালনা করতে। এর আগেও আমরা 'দ্য আর্ক অব ডিপ্লোম্যাটস' শীর্ষক রিজিওনাল কনফারেন্স করেছি। আমাদের ডেলিগেটরা প্রায়ই বিভিন্ন রিজিওনাল এবং ন্যাশনাল কনফারেন্সে কৃতিত্বের স্বাক্ষর রাখে।”



























