বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রাহায়ণ ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ২৬ নভেম্বর ২০২৬

রাবিপ্রবিতে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্র অসুস্থ

রাবিপ্রবিতে নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী ছাত্র অসুস্থ
ছবিঃ প্রতিনিধি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শাখা ছাত্রদলের পদ স্থগিত হওয়া সদস্যসচিব জিসান আহমেদের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মাসুদুল আলম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঘটনার জবানবন্দি দিতে এসে অসুস্থ হয়ে পড়েন মাসুদুল আলম। পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বুধবার (২৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী। একই দিনে তিনি উল্লিখিত ঘটনার অভিযোগ এনে রাঙ্গামাটি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে বলা হয়, সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জিসান আহমেদ, মোহাম্মদ সাঈদ, তৌহিদুল ইসলাম, সাজিদ হোসেনসহ তাদের লোকজন নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় একটি ব্যাগে পেট্রলের বোতল নিয়ে এসে তাকে মানসিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তাকে ছাত্রলীগের ট্যাগ দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এ ঘটনায় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ও মাসুদুল আলমের সহপাঠী তারেকুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, “আমার ব্যাচমেট মাসুদের অপরাধটা কী ছিল? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা? অন্যায়ের বিরুদ্ধে কথা বলা? তার ওপর এত আক্রোশ কেন? যে ছেলেটা স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তাকে কীভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে নাশকতার অভিযোগ এনে গায়ে হাত তোলা হয়? জুলাই আন্দোলনে তার ভূমিকা থাকা সত্ত্বেও কীভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে থানায় সোপর্দ করা হয়? যেখানে ডিপার্টমেন্ট নীরব, তার ব্যাচমেট ও জুনিয়ররা নীরব ভূমিকা পালন করছে। ধিক্কার জানাই ডিপার্টমেন্টের প্রতি, লজ্জা জানাই নিজের ভীতু ব্যাচমেট আর জুনিয়রদের প্রতি!”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফখরুদ্দিন বলেন, “ও জবানবন্দি দিতে এসে, ওর কথা নেওয়ার পর ও প্রচুর কান্নাকাটি করতেছিলো, বলতেছিলো আমাকে স্যার আপনারা এই অপবাদ থেকে বাঁচাবেন। তা আমরা বললাম তুমি এত ভয় পাচ্ছো কেন, শুরুর দিন থেকেই তো তোমার পাশে আছি, কারণ আমরা ওইখান থেকে নিয়ে আসলাম তোমাকে। ও যে মানসিক চাপে আছে, আমাদের দেখে হইলো। আমার মনে হয় রাতে ঘুমায় নাই, খাওয়া-দাওয়া করে নাই তো প্রচুর বমির মতো একটা ভাব আসতেছিলো আর ও বলতেছে নিশ্বাস নিতে পারতেছে না। পরে আমরা প্রাথমিক চিকিৎসা দিলাম আমাদের হাসপাতালে। এরপরে আমি একটা গাড়ির ব্যবস্থা করে ওকে হাসপাতালে পাঠায় দিছি। তো একটু আগে আমি খোঁজখবর নিছি, পাপ্পুকে ফোন দিছি, বললো যে ওকে হাসপাতালে ভর্তি দিছে আর হচ্ছে ওই স্যালাইন লাগাই রাখছে। ওখানে যে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার আছে, আমি উনাকে বলে দিবো একটু যেন টেক কেয়ার করে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, “আমরা তো এখন কাজ করতেছি, এটা তো তদন্ত চলমান।”

উল্লেখ্য, শিক্ষার্থীদের অভিযোগ, জিসান আহমেদের বিরুদ্ধে একের পর এক বিতর্ক সামনে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাখা ছাত্রদলের সদস্যসচিব পদ স্থগিত হওয়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া এক শিক্ষার্থীকে এন্টিডিপ্রেসেন্ট ওষুধ প্রদান এবং ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগসহ একাধিক কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে।