রাবিপ্রবিতে নবীন বরণ ২১ জুলাই, র্যাগিং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ২১ জুলাই রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০১ এর সভাকক্ষে এ নবীন বরণ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা গত এপ্রিল মাসের শুরুতে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার পর দীর্ঘ তিন মাস জুড়ে দফায় দফায় মেধা তালিকা প্রকাশ ও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরই মধ্যে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৮টিতেই ক্লাস শুরু হয়েছে। আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে রাবিপ্রবি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ১ সপ্তাহ পিছিয়ে পড়ে।
অন্যদিকে রাবিপ্রবি শিক্ষার্থীদের প্রতি ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে কোনো প্রকার র্যাগিং থেকে বিরত থাকতে শিক্ষার্থীদের সতর্ক করেছে প্রশাসন। সোমবার, ১৩ জুলাই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জুনাইদ কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানা যায়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিজ বিভাগের শিক্ষার্থীদের র্যাগিং এর কুফল, আইনগত পরিণতি এবং বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান বিধি-বিধান সম্পর্কে সচেতন করতে অনুরোধ করা হয়। র্যাগিংকে শাস্তিযোগ্য ফৌজদারী অপরাধ উল্লেখ করে, সকল শিক্ষার্থীকে সুষ্ঠু ও র্যাগিংমুক্ত শিক্ষার পরিবেশ বজায় রাখতে আন্তরিক সহযোগিতার আহবান জানানো হয়।
এদিকে, নবীনদের আগমনে রাবিপ্রবি নতুন করে উজ্জীবিত হবে এমনই আশা ব্যক্ত করছে প্রবীণ শিক্ষার্থীরা। তাদেরকে রাবিপ্রবি ক্যাম্পাসে স্বাগত জানানোর সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারা। নবীন শিক্ষার্থীদের গ্রুমিং এর বিষয়েও প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। রাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো: আয়নুল ইসলাম বলেন, "ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উদ্যোগে নবীনদের নিয়ে গ্রুমিং প্রোগ্রাম/ওয়ার্কশপ/বুট ক্যাম্প এর আয়োজন করলে ভালো হয়। এতে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন সুন্দর হবে, তারা শিখতে পারবে বিশ্ববিদ্যালয় জীবনে কিভাবে চলাফেরা করতে হয়, শিক্ষকদের সাথে কেমন আচরণ করতে হয়, সিনিয়র-জুনিয়র সম্পর্কসহ সার্বিক পরিস্থিতি।"
উল্লেখ্য, রাবিপ্রবি ২০০১ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠিত হয় এবং ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ১২তম ব্যাচ হিসেবে স্নাতক শুরু করছে।


























