বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বাকৃবিতে ব্যতিক্রমী আয়োজন, গ্র্যান্ড ডিনারে খাসি
সোমবার (২০ জুলাই) গভীর রাত ১টায় ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচকে ঘিরে সারা দেশের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চায়ের দোকানের আড্ডা, হলের করিডোর, বন্ধুদের গল্প কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপের ফাইনাল।
প্রায় সাড়ে ১২০০ একরজুড়ে বিস্তৃত বাকৃবি ক্যাম্পাস যেন ধীরে ধীরে রূপ নিয়েছে আকাশি-সাদা উচ্ছ্বাসের এক মিলনমেলায়। বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের উদ্যোগে ফাইনাল উপলক্ষে নেওয়া হয়েছে ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাচ-পূর্ব গ্র্যান্ড ডিনারের জন্য প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে দুটি খাসি কেনা হয়েছে। এছাড়া বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। আর্জেন্টিনার পতাকা, জার্সি, স্লোগান এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে আকাশি-সাদা উচ্ছ্বাসে।
এই আয়োজনের সঙ্গে যুক্ত হল আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, "২০২২ সালের বিশ্বকাপের সময় আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তখন শত শত শিক্ষার্থীর সঙ্গে হলে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। এবারও হলে বসে ফাইনাল উপভোগ করব, তবে এবার একজন সাধারণ সমর্থক হিসেবে নয়, একজন আয়োজক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে।"
তিনি আরও বলেন, "প্রতিটি ম্যাচের আগে একসঙ্গে খাবারের আয়োজন এবং ম্যাচ শেষে বিজয় মিছিল আমাদের হলে এক অন্যরকম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ তৈরি করেছে। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে এবং প্রতিপক্ষকে সম্মান করে, সেটিও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।"
বাকৃবি শিক্ষার্থী সানাউল্লাহ বলেন বিশ্বকাপকে ঘিরে এই আয়োজন শুধু ফুটবলের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বরং বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, সম্প্রীতি ও সম্মিলিত উদযাপনের এক অনন্য দৃষ্টান্ত। এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। সমর্থকদের প্রত্যাশা, ২০২২ সালের মতো এবারও বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতেই।


























