সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ২২ নভেম্বর ২০২৬

যবিপ্রবির বিদায় সংবর্ধনায় আসছেন শায়খ সাইফুল্লাহ ও আজাদী মঞ্চ

যবিপ্রবির বিদায় সংবর্ধনায় আসছেন শায়খ সাইফুল্লাহ ও আজাদী মঞ্চ
ছবিঃ প্রতিনিধি

প্রবীণদের বিদায় সংবর্ধনা ও নবীনদের বরণ করে নিতে গাইডেন্স সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক সন্ধ্যাসহ থাকছে নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইর্তিকা-২১’। গাইডেন্স সিম্পোজিয়ামে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এ ছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘আজাদী মঞ্চ’।

আগামী ২৩ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে ‘উৎকর্ষের সোপানে, স্বপ্নের দিগন্তে’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটি আয়োজিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, বিদায়ী সংবর্ধনায় ২০২১-২০২২ শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে আল-কুরআনুল কারিম, পোলো শার্ট বা স্কার্ফ, উত্তরীয়, সম্মাননা স্মারক, চাবির রিং ও উপহারের ব্যাগ দেওয়া হবে। অন্যদিকে নবীনবরণ অনুষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের প্রত্যেককে একটি করে আল-কুরআনুল কারিম, পোলো শার্ট বা স্কার্ফ, চাবির রিং ও উপহারের ব্যাগ দেওয়া হবে।

অনুষ্ঠানটি সোমবার বিকেল সাড়ে চারটায় পবিত্র কোরআন তিলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে শুরু হবে। পরে সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত শায়খ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহর আলোচনা অনুষ্ঠিত হবে। এ পর্বে শিক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তরেরও সুযোগ থাকবে। এরপর রাত সাড়ে সাতটায় সীরাহ ও ফজর ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ করা হবে। সবশেষে রাত সাড়ে আটটা থেকে ‘মাহফিল এ ইর্তিকা’ শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনা করবে আজাদী মঞ্চ।

অনুষ্ঠান সম্পর্কে যবিপ্রবি ইসলামিক কালচারাল সোসাইটির সভাপতি জালিস মাহমুদ বলেন, “আমাদের এবারের আয়োজনের উল্লেখযোগ্য অংশগুলো হলো নবীনবরণ, বিদায়ী সংবর্ধনা, গাইডেন্স সিম্পোজিয়াম এবং ‘মাহফিলে ইর্তিকা’ সাংস্কৃতিক সন্ধ্যা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যে চার থেকে পাঁচ দিন ধরে আমাদের নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে আমরা সবার কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।”

তিনি আরও বলেন, “এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আলাদা আলাদা বিভাগে বিভিন্ন ধরনের পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের সবাই এসব পুরস্কার পাওয়ার সুযোগ পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের পুরো আয়োজন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর জন্য উন্মুক্ত থাকবে। আমরা চাই, বিশ্ববিদ্যালয়ের সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আয়োজনটিকে প্রাণবন্ত করে তুলুন।”

জনপ্রিয়