সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রাহায়ণ ১৪৩৩

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৪, ২২ নভেম্বর ২০২৬

রাবিপ্রবিতে নাশকতার প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ

রাবিপ্রবিতে নাশকতার প্রতিবাদে র‍্যালি ও সমাবেশ
ছবিঃ প্রতিনিধি

দেশব্যাপী নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) প্রতিবাদ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।

রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে রাবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘দেশটা পুনর্গঠনে আমরা অনেক চড়াই-উৎরাই পার করেছি। সর্বশেষ আমরা দেখেছি ২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা সবাই মনে করেছিলাম সবার শুভবোধের উদয় হবে এবং সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করব। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দেশি-বিদেশি বিভিন্ন চক্র হয়তো আমাদের এই শান্তিপূর্ণ মনোভাবকে ধরে রাখতে দেবে না। আমাদের আরও একটি দুর্ভাগ্য হলো স্বাধীনতা অর্জন করে তা আমরা ধরে রাখতে পারিনি। বর্তমান সরকার অনেক চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তবুও একটি গোষ্ঠী ঠিকই এখন এই প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করার চেষ্টায় আছে। দেশটা আমাদের সবার, এই দেশটাকে বাঁচাতে হলে আমাদের সব দেশি-বিদেশি ষড়যন্ত্রকে বিচ্ছিন্ন করে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, ‘গত কয়েকদিন ধরে ঘটে যাওয়া নাশকতার প্রতি প্রতিবাদ জানানোর ভাষা আমাদের নেই। আমরা আজকে সর্বোচ্চ পরিষদের কাছে আবেদন জানাতে চাই, যারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করতে হবে। আমাদের এই সরকার যে মানবিকতার সমাজ গড়তে চায়, এই মানবিকতাকে কেউ যদি দুর্বলতা ভাবেন তাহলে অত্যন্ত ভুল হবে। আমরা একটি মানবিক সমাজ ও শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী তৈরি করার লক্ষ্য নিয়ে এগোব এবং যার যার পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।’

উল্লেখ্য, আয়োজিত এই সমাবেশে বক্তারা দেশব্যাপী ঘটে যাওয়া নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান তারা।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়