রাবিপ্রবিসাসের নবগঠিত কমিটির সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছেন রাবিপ্রবি সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।
রবিবার (২২ নভেম্বর) বেলা ১২টায় উপাচার্যের অফিস কক্ষে ও দুপুর ১টায় উপ-উপাচার্যের অফিস কক্ষে সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিক সমিতির নানাবিধ কার্যক্রম নিয়ে উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে আলোচনা করেন তারা।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সাংবাদিক সমিতির সদস্যদের নানা দিক-নির্দেশনা দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে প্রতিষ্ঠানের স্বার্থে একসঙ্গে কাজ করার পরামর্শ দেন। সংবাদ বা বক্তব্য প্রকাশের আগে যাচাই-বাছাই করা, অপর পক্ষের মতামত নেওয়া এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন ও বিধিবিধান মেনে চলার ওপর গুরুত্ব দেন তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকদের প্র্যাকটিক্যাল লার্নিং হয়ে যায় স্টুডেন্ট লাইফ থেকেই। এতে তোমাদের লেখাপড়ার পাশাপাশি কো-কারিকুলাম বা এক্সট্রা কারিকুলাম, স্কিল ডেভেলপমেন্ট ও কমিউনিকেশন স্কিল ডেভেলপ হচ্ছে। সাংবাদিকতার মধ্যে অনেক কিছু শেখাও যায়। সাংবাদিকতার এথিক্স মেনে কীভাবে তোমরা একটি ভালো রিপোর্টিং করবে, সেগুলো মাঝে মাঝে ট্রেনিংয়ের মাধ্যমে শিখতে পারো, যা ভবিষ্যতে চাকরি জীবনে কাজে লাগবে।’
নবগঠিত কমিটির সভাপতি আদিত্য চৌধূরী ও সাধারণ সম্পাদক সঞ্চিতা চক্রবর্তীর নেতৃত্বে উপস্থিত ছিলেন রাবিপ্রবিসাসের সাংগঠনিক ও দপ্তর সম্পাদক মো. ইসমাইল, অর্থ সম্পাদক সীমান্ত তঞ্চঙ্গ্যা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক রুথিনা বেসরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিগন্ত রক্ষিত, নির্বাহী সদস্য আঁখি নাথ ও সাইমুন ইসলাম।
এ ছাড়া নবগঠিত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জুনাইদ কবির, প্রক্টর ড. মো. ফখরুদ্দিন, ছাত্র পরামর্শ ও পরিচালনা বিভাগের পরিচালক গৌরব চাকমা, জনসংযোগ দপ্তরের পরিচালক মো. সাইফুল আলম এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সপ্তর্ষি চাকমাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, বুধবার (১৮ নভেম্বর) রাবিপ্রবি সাংবাদিক সমিতির ৯ সদস্যবিশিষ্ট ৩য় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। পেশাদার ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে ২০২৩ সালে যাত্রা শুরু করে রাবিপ্রবিসাস।



























