বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪২, ১৩ মে ২০২৬

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয় : তমা মির্জা

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয় : তমা মির্জা
ছবি: সংগৃহীত

রুপালি পর্দায় তিনি সাহসী, আত্মবিশ্বাসী আর গ্ল্যামারাস এক তারকা। কিন্তু ক্যামেরার আলো ঝলমলে জীবনের বাইরে তমা মির্জা একেবারেই অন্য মানুষ—ভীষণ আবেগপ্রবণ, দায়িত্বশীল এবং পরিবারকেন্দ্রিক। বিশেষ করে ছোট ভাই তূর্য মির্জাকে ঘিরে তার ভালোবাসা যেন নিখাদ মমতার এক আলাদা গল্প। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ভাইয়ের সঙ্গে নিজের গভীর সম্পর্কের নানা অজানা দিক তুলে ধরে আবেগঘন মুহূর্ত তৈরি করেন এই অভিনেত্রী।

তমা জানান, তার ছোট ভাই তূর্যর সঙ্গে বয়সের পার্থক্য প্রায় ১১ বছর। দীর্ঘ সময় পর পরিবারে নতুন সদস্য আসায় ছোটবেলা থেকেই ভাইকে ঘিরে তার অনুভূতি ছিল অন্যরকম। শুধু বড় বোন হিসেবেই নয়, কখনো বন্ধুর মতো, আবার কখনো মায়ের মতো আগলে রেখেছেন তূর্যকে।

২০১২ সালের দিকে তমার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তখন ক্যারিয়ারের শুরুর সময় হলেও পরিবারকে সামলে নেওয়ার কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি। ২০১৩ সালে বাবাকে চাকরি থেকে অবসর নিতে বলেন এবং এরপর থেকেই পুরো পরিবারের দায়িত্ব পালন করে আসছেন এই অভিনেত্রী।

ভাইয়ের সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়ে তমা বলেন, “তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই। আমি ওর যেমন ভালো বন্ধু, তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই সব ঠিক আছে কি না। ও আবার গান গাইতে খুব পছন্দ করে, গান গেয়ে আমাকে শোনায়।”

ভালোবাসা আর মায়ার জায়গাটা কতটা গভীর, সেটিও অকপটে জানিয়েছেন তিনি। 

তমার কথায়, “কখনো কখনো তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়। ও বড় কোনো ভুল করলেও আমি শাসন করতে পারি না। আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায়, তুমিই বলো। কিন্তু আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না।”

তারকাখ্যাতির আড়ালে এমন পারিবারিক গল্পই যেন নতুন করে পরিচয় করিয়ে দেয় মানুষ তমা মির্জাকে—যিনি শুধু একজন অভিনেত্রী নন, পরিবারের জন্য নির্ভরতার আরেক নাম।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ