ওটিটিতে আসছে ‘বনলতা এক্সপ্রেস’
রূপালি পর্দায় ঝড় তোলার পর এবার ডিজিটাল পর্দা কাঁপাতে আসছে ঈদের অন্যতম আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমা হলে দর্শকদের দীর্ঘ সারি, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা আর বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ার পর এবার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল এই চলচ্চিত্রটি। ফলে যারা এখনো সিনেমাটি বড় পর্দায় দেখতে পারেননি কিংবা আবারও উপভোগ করতে চান, তাদের অপেক্ষার প্রহর যেন আরও উত্তেজনাময় হয়ে উঠেছে।
সম্প্রতি হইচই বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে সিনেমাটির একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে লেখা ছিল, ‘ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে।’ পোস্টটির ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলা হয়, ‘এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?’
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা দেখা যায়। মন্তব্যের ঘর ভরে যায় নানা প্রতিক্রিয়ায়। এক নেটিজেন লিখেছেন, ‘ওটিটিতে আগুন ধরিয়ে দেবে।’ আবার কেউ কেউ সিনেমাটি মুক্তির নির্দিষ্ট তারিখ জানার আগ্রহও প্রকাশ করেছেন।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা তানিম নূর। মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের দারুণ সাড়া পায় সিনেমাটি। শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয় এই চলচ্চিত্র।
বাণিজ্যিকভাবেও সফলতার নজির গড়েছে ‘বনলতা এক্সপ্রেস’। মুক্তির মাত্র ৪১ দিনেই সিনেমাটি ১২ কোটি টাকার ঘর অতিক্রম করে। এছাড়া বিভিন্ন সূত্রের দাবি, মুক্তির ৫৬তম দিনে এর বক্স অফিস আয় ১৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে।
তারকাবহুল এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা। বুড়িগঙ্গা টকিজ, ডোপ প্রোডাকশন ও হইচই স্টুডিওসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ওটিটি মুক্তির নির্দিষ্ট তারিখ জানতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাপ্রেমীরা।



























