বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২১ মে ২০২৬

আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি : জেফার

আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি : জেফার
ছবি: সংগৃহীত

ভালোবাসা, বোঝাপড়া আর কাজের প্রতি পারস্পরিক সম্মান—এই তিন সূত্রেই যেন গড়ে উঠেছে সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব-এর সম্পর্ক। দীর্ঘদিনের বন্ধুত্ব ও মানসিক মিল থেকে এবার জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন এই আলোচিত জুটি। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেদের সম্পর্ক, বোঝাপড়া এবং বিয়ের সিদ্ধান্ত নিয়ে খোলামেলা কথা বলেছেন জেফার রহমান।

অনুষ্ঠানে রাফসানের সঙ্গে নিজের সম্পর্কের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে জেফার বলেন, ‘অবশ্যই আমাদের ওই আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই বিয়ে করেছি। এবং আমার মনে হয় যেহেতু তার কাজটা আমি বুঝি ও আমার কাজটা বোঝে।’

শুধু ব্যক্তিগত সম্পর্কই নয়, কাজের জায়গাতেও দুজনের মধ্যে রয়েছে দারুণ সমন্বয়। রাফসান সাবাবের উপস্থাপনা ও সৃজনশীলতা নিয়ে প্রশংসা করে জেফার বলেন, ‘তার আইডিয়া তৈরি খুব সুন্দর হয়। মানে ও শো যখন ডিজাইন করে, ওই ব্যাপারটা তো আমি কাছ থেকে দেখি। সো হি ইজ আ ভেরি গুড ডিজাইনার।’

রাফসান যে সংগীতেরও ভীষণ অনুরাগী, সেটিও জানান জেফার। নতুন কোনো গান বা কাজের প্রাথমিক স্ক্র্যাচ তৈরি হলেই সেটি সবার আগে রাফসানের সঙ্গে শেয়ার করেন তিনি। কারণ, একজন শ্রোতা হিসেবেও রাফসানের মতামতকে গুরুত্ব দেন এই গায়িকা।

দুজনের পরিচয়ের শুরুটাও ছিল কাজের সূত্রে। জেফার জানান, সিনেমা ‘ন ডরাই’-এর এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করার সময় প্রমোশনের প্রয়োজনে তিনিই প্রথম রাফসান সাবাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হয় বন্ধুত্ব, বোঝাপড়া এবং মানসিক সংযোগ।

পারস্পরিক সম্মান, কাজের প্রতি শ্রদ্ধা ও গভীর বোঝাপড়ার জায়গা থেকেই আজ একসঙ্গে পথচলা শুরু করেছেন এই তারকা জুটি।

সর্বশেষ