এক ফ্রেমে সৌন্দর্য আর সরলতা, নতুন লুকে মিম
অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’-এ ভিন্ন এক রূপে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। পর্দায় যেখানে তাকে দেখা যাবে সাহসী ও তেজি চরিত্রে, বাস্তবে ঠিক তার উল্টো এক স্নিগ্ধ, কোমল আর নান্দনিক উপস্থিতিতে ভক্তদের মন জয় করলেন এই অভিনেত্রী। ঈদের আগে নতুন লুকে সামাজিক মাধ্যমে হাজির হয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
সোমবার (২৫ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নান্দনিক ছবি শেয়ার করেন মিম। ছবিতে তাকে দেখা গেছে হালকা গোলাপি রঙের দৃষ্টিনন্দন থ্রি-পিসে। খোলা চুল, মানানসই মেকআপ ও ঐতিহ্যবাহী গহনায় তার পুরো উপস্থিতিতে ফুটে উঠেছে এক অনন্য সৌন্দর্য আর সরলতার মিশেল।
ফটোশুটের আবহকে আরও আকর্ষণীয় করে তুলেছে গাঢ় গোলাপি বাগানবিলাস ফুল। কোথাও ফুলের ডালে হাত রেখে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন মিম, আবার কোথাও শান্ত ও মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থেকেছেন ক্যামেরার দিকে। তার অভিব্যক্তি আর স্টাইল যেন ছবিগুলোকে এনে দিয়েছে আলাদা প্রাণ।
ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। হাজার হাজার লাইক ও অসংখ্য ইতিবাচক মন্তব্যে স্পষ্ট, মিমের এই নতুন লুক বেশ পছন্দ করেছেন নেটিজেনরা।
এদিকে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত বিগ বাজেটের অ্যাকশন সিনেমা মালিক। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। আর সেই উত্তেজনার মাঝেই নিজের শান্ত, স্নিগ্ধ ও গ্ল্যামারাস উপস্থিতিতে ভক্তদের নতুন করে চমকে দিলেন এই অভিনেত্রী।



























