বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ৪ জুন ২০২৬

সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি

সোনার কলস পেয়ে অপু: অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি
ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয়, জনপ্রিয়তা ও দর্শকপ্রিয় উপস্থিতি দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেলেও এবার যে স্বীকৃতি তিনি পেলেন, তা তার কাছে অন্য সব প্রাপ্তির চেয়েও বিশেষ। কারণ এই সম্মাননার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, আবেগ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি।

সম্প্রতি চ্যানেল আই কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিশেষ সম্মাননা পেয়েছেন অপু বিশ্বাস। দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে তার পারফরম্যান্স ও দীর্ঘ চলচ্চিত্রজীবনের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে উপহার দেওয়া হয়েছে একটি সোনার কলস। গতকাল (বুধবার) চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর তার হাতে এই সম্মাননা তুলে দেন।

হঠাৎ পাওয়া এই স্বীকৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন জনপ্রিয় এই অভিনেত্রী। পরে নিজের অনুভূতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।

অপু জানান, গতকাল হঠাৎ করেই চ্যানেল আই থেকে তার কাছে ফোন আসে। কোনো কিছু না জেনেই তিনি সেখানে উপস্থিত হন। কিন্তু সেখানে গিয়ে যে এমন চমক অপেক্ষা করছিল, তা কল্পনাও করেননি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ, দেশের বাইরে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী অসংখ্য মানুষের ভালোবাসা আর আশীর্বাদেই আমার পথচলা।’

সোনার কলস পাওয়ার মুহূর্তের স্মৃতিচারণ করে অপু আরও লেখেন, ‘হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য ভাষা হারিয়ে ফেলি। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি।’

চ্যানেল আই ও ফরিদুর রেজা সাগরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘চ্যানেল আই শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়; শিল্পীদের প্রাণের জায়গা। আর সাগর ভাই আমাদের কাছে অভিভাবকের মতো। জীবনের নানা সংকট, দুঃসময় কিংবা পেশাগত কাজেও তাঁকে সবসময় পাশে পেয়েছি। তাঁর পরামর্শ, স্নেহ, মমতা আর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। সেই তিনি আমাকে এভাবে সম্মানিত করবেন, এভাবে ভালোবাসার ঋণে আবদ্ধ করবেন—কোনোদিন ভাবিনি।’

সোনার কলসটির গুরুত্ব সম্পর্কে অপু বিশ্বাসের ভাষ্য, ‘সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। আমার শিল্পীজীবনের সবচেয়ে ইমোশনাল, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে মূল্যবান প্রাপ্তি হয়ে থাকবে এই সোনার কলস।’

এদিকে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, অপু বিশ্বাসের এই আবেগঘন অভিজ্ঞতা এবং সোনার কলস পাওয়ার নেপথ্যের গল্প নিয়ে নির্মিত বিশেষ অনুষ্ঠানটি আগামী ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে সম্প্রচার করা হবে। দর্শকরা অনুষ্ঠানটিতে অভিনেত্রীর অনুভূতি ও সম্মাননা পাওয়ার বিশেষ মুহূর্তগুলো দেখতে পারবেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ