‘ভিলেন’ হতে চান পূর্ণিমা
দীর্ঘ ক্যারিয়ারে দর্শকদের হৃদয়ে ‘রোমান্টিক নায়িকা’ হিসেবেই জায়গা করে নিয়েছেন দিলারা হানিফ পূর্ণিমা। পর্দায় তার হাসি, কোমল অভিব্যক্তি আর মিষ্টি উপস্থিতিই যেন হয়ে উঠেছে পরিচয়ের প্রধান অংশ। তবে সেই পরিচিত গণ্ডি ভেঙে এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে নিজেকে তুলে ধরতে চান জনপ্রিয় এই অভিনেত্রী। তার ইচ্ছা, এমন এক খল চরিত্রে অভিনয় করা, যাকে দেখে দর্শকের মনে জন্ম নেবে তীব্র ঘৃণা।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে এমন ইচ্ছার কথাই প্রকাশ করেন পূর্ণিমা।
তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে।’
পূর্ণিমার বিশ্বাস, তার কোমল ও মিষ্টি চেহারার কারণেই নির্মাতারা কখনো তাকে নেতিবাচক চরিত্রের জন্য ভাবেননি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক জমবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর বিপরীতে কিছু হলে খুব ভালো হতো।’
প্রায় দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করলেও একই ধরনের চরিত্রে বারবার দেখা যাওয়ায় এবার অভিনয়ের নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী পূর্ণিমা। তার প্রত্যাশা, এমন কোনো গল্প ও চরিত্র আসুক, যেখানে নিজেকে সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার করার সুযোগ থাকবে।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত পূর্ণিমা। সর্বশেষ প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে অভিনয় করেছিলেন তিনি। এরপর মাঝে মাঝে বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দেখা গেলেও নতুন কোনো সিনেমা বা সিরিজে তাকে দেখা যায়নি। তবে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের এই আগ্রহ তার ভক্তদের জন্য নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।



























