আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস
ফুটবল বিশ্বকাপ এলেই দেশের বিনোদন অঙ্গনেও ছড়িয়ে পড়ে উন্মাদনার রং। প্রিয় দলের জার্সি, পতাকা আর সমর্থনের গল্পে মেতে ওঠেন শোবিজ তারকারাও। সেই তালিকায় আছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণি। ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ফুটবলপ্রেম, আর্জেন্টিনার প্রতি ভালোবাসার শুরু এবং ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ নিয়ে মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই গায়িকা।
ছোটবেলা থেকেই তিনি ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনার কট্টর সমর্থক। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজের ফুটবল প্রেমের গল্প শোনান এই গায়িকা।
আর্জেন্টিনার প্রতি ভালোলাগা কীভাবে তৈরি হলো, সে প্রসঙ্গে পূর্ণি বলেন, ‘আর্জেন্টিনা সাপোর্ট করি ছোটবেলা থেকে। আমার বড় ভাই দেখতাম যে পতাকা নিয়ে আসতো অনেক বড় বড়। তো বাসায় যেরকম পতাকা লাগাতো, ওই জায়গা থেকে আর্জেন্টিনার প্রতি একটা আলাদা ভালোবাসা।’
বিশ্ব ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আর্জেন্টিনা ও ব্রাজিল। এই দুই দলের ম্যাচ মানেই মাঠের বাইরে ভক্ত-সমর্থকদের মাঝে কথার লড়াই, কখনো আবার তা হাতাহাতিতেও রূপ নেয়।
মাঠ ও মাঠের বাইরের এই চিরচেনা ফুটবল বৈরিতা বা দ্বৈরথ বেশ আনন্দ দেয় এই সংগীতশিল্পীকে। পারশার কথায়, ‘আর ওই যে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে একটা মারামারি হয় আসলে, আমরা অনেক এঞ্জয় করি, খুব মজা লাগে।’



























