কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি
বলিউডে নায়িকাদের সৌন্দর্য আর শরীরের গড়ন নিয়ে আলোচনা নতুন কিছু নয়। তবে সেই প্রচলিত সৌন্দর্যের মানদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন অভিনেত্রী অঞ্জলি আনন্দ। বহুল প্রতীক্ষিত কমেডি ছবি ‘ধামাল ৪’-এর ‘শাড়ি’ গানে তার উপস্থিতি নিয়ে যেমন প্রশংসা হয়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওজন নিয়েও হয়েছে কটাক্ষ। তবে এসব সমালোচনাকে একেবারেই পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী। বরং অভিনয়ের মাধ্যমেই সমাজের প্রচলিত ধারণা বদলে দিতে চান তিনি।
বলিউডের দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’-এর চতুর্থ কিস্তি মুক্তি পাবে ১০ জুলাই। ছবিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি ও জাভেদ জাফরির সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। ছবিটির ‘শাড়ি’ গানে তার পারফরম্যান্স নিয়ে ব্যাপক আলোচনা হলেও সেই আলোচনার বড় অংশজুড়েই ছিল তার শারীরিক গড়ন নিয়ে সমালোচনা।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’
অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচে না-ফেলা নারীদের জন্য অর্থবহ চরিত্র নির্মাণে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। তিনি বলেন, ‘নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও তত বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তার অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়েই চরিত্র লেখা সম্ভব।’
শুধু স্থূলতা নয়, মানুষের চেহারা, গায়ের রং কিংবা পোশাক নিয়েও সমাজে বিদ্রূপের সংস্কৃতি রয়েছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘শুধু মোটা হওয়ার জন্য নয়, কেউ কেউ রোগা হওয়ার জন্যও অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক, এমনকি কোন ব্র্যান্ডের পোশাক পরছে—এসব নিয়েও মানুষকে হেয় করা হয়। হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রলিং নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছেন অঞ্জলি। তার ভাষায়, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম এবং বিষয়টিকে বেশি গুরুত্ব দিইনি। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। গুরুত্ব না দিলেই ভালো।’
অঞ্জলির বিশ্বাস, একজন শিল্পীর পরিচয় তার শরীরের গড়নে নয়, বরং অভিনয় দক্ষতায়। আর সেই বিশ্বাস নিয়েই তিনি এগিয়ে যেতে চান, ভাঙতে চান সৌন্দর্য নিয়ে সমাজের দীর্ঘদিনের প্রচলিত ধারণা।



























