মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৫, ৩ আগস্ট ২০২৬

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদন দিয়ে আসা জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনের শুটিং এবার শেষের পথে। বিষয়টি নিশ্চিত করেছেন নাটকটির অন্যতম জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব।

বর্তমানে ওয়েব ফিল্ম, নাটক ও ওটিটির বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তৌসিফ। এর মধ্যেই সমানতালে চলছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। তবে সেই কাজও এখন শেষ পর্যায়ে। 

অভিনেতার ভাষ্যে, আর খুব বেশি দিন শুটিং করতে হবে না তাদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তৌসিফ মাহবুব বলেন, ‘‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ শেষ হতে যাচ্ছে। অনেকদিন ধরেই আমরা শেষ দিকের শুটিং করছি। আরও কিছুদিন কাজ হবে। এরপর পরিচালকই এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

তবে শেষ পর্বগুলোতে কী থাকছে, গল্প কোন দিকে মোড় নেবে কিংবা দর্শকদের জন্য নতুন কোনো চমক অপেক্ষা করছে কি না—এসব বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তৌসিফ। দর্শকদের আগ্রহ ও কৌতূহল ধরে রাখতেই শেষের গল্প নিয়ে বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাংলাদেশের নাট্যাঙ্গনে ‘ব্যাচেলর পয়েন্ট’কে ধরা হয় অন্যতম সফল ধারাবাহিক হিসেবে। বন্ধুত্ব, প্রেম, পারিবারিক সম্পর্ক, হাস্যরসের পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক বিষয় উঠে এসেছে নাটকটির গল্পে। 

শুরু থেকেই তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই ধারাবাহিকের প্রতিটি সিজনই পেয়েছে বিপুল দর্শকপ্রিয়তা।

ইউটিউবে কোটি কোটি ভিউয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত আলোচনায় থাকে নাটকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ।

নির্মাতা কাজল আরেফিন অমির পরিচালনায় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চরিত্রগুলোও পেয়েছে আলাদা পরিচিতি। তৌসিফ মাহবুবের পাশাপাশি এতে অভিনয় করছেন চাষী আলম, মারজুক রাসেল, অর্চিতা স্পর্শিয়া, ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়