বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ২০ আগস্ট ২০২৬

জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

৪৯ বছর বয়সেই মারা গেলেন থাইল্যান্ডের জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক রে ম্যাকডোনাল্ড। বুধবার ব্যাংককের পাতানাকান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অভিনেতার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য স্বামীকে ঘুম থেকে ওঠাতে যান তিনি। তখনই ম্যাকডোনাল্ডকে মৃত অবস্থায় দেখতে পান। এর আগে তিনি ভেবেছিলেন, স্বামী ঘুমিয়ে আছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মৃত্যুর আগে রাত ১২টা ১২ মিনিটের দিকে ম্যাকডোনাল্ডকে সোফায় ঢলে পড়তে দেখা যায়। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

থাই ও স্কটিশ বংশোদ্ভূত রে ম্যাকডোনাল্ড ১৯৭৭ সালের ২১ মে জন্মগ্রহণ করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে অভিনয়, উপস্থাপনা ও ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

নব্বইয়ের দশকে তরুণদের জনপ্রিয় অনুষ্ঠান ‘টিন টক’-এর মাধ্যমে পরিচিতি পান তিনি।

১৯৯৭ সালে ‘ফান বার কারাওকে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ম্যাকডোনাল্ডের। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননা পান। পরের বছর ‘ও-নেগেটিভ’ সিনেমার জন্যও একই পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘ বিরতির পর ২০০৯ সালে ‘ডিয়ার গ্যালিলিও’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। পরবর্তী সময়ে ভ্রমণবিষয়ক বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি ইউটিউবেও নিয়মিত কাজ করতেন তিনি।

তার আকস্মিক মৃত্যুতে থাইল্যান্ডের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জনপ্রিয়