সোমবার ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৭, ১৭ আগস্ট ২০২৬

কম বয়সেই চলে গেলেন ‘হিরোস’ অভিনেত্রী

কম বয়সেই চলে গেলেন ‘হিরোস’ অভিনেত্রী
ছবি: সংগৃহীত

মাত্র ৩৬ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেত্তিয়েরি। ‘হিরোস’ ও ‘ন্যাশভিল’ টেলিভিশন সিরিজে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুর খবর তাঁর প্রতিনিধি সিএনএনকে নিশ্চিত করেছেন। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

হেইডেনের বাবা স্কিপ প্যানেত্তিয়েরি তাঁর প্রতিনিধির মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে তারা তাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছেন। তাঁর ভাষায়, হেইডেন ছিলেন অসাধারণ এক আলোর মতো মানুষ ও শক্তিশালী ব্যক্তিত্ব। যারা তাঁকে চিনতেন কিংবা পর্দায় দেখেছেন, তাদের জীবনে তিনি ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন।

টেলিভিশন সিরিজ ‘হিরোস’-এ বিশেষ ক্ষমতাসম্পন্ন চিয়ারলিডার ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন হেইডেন। পরে ‘ন্যাশভিল’ সিরিজে তরুণ কান্ট্রি সংগীতশিল্পী জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয় করেও প্রশংসা কুড়ান তিনি।

বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করেছিলেন হেইডেন। ২০১১ সালের ‘স্ক্রিম ৪’ সিনেমায় কিরবি রিড চরিত্রে অভিনয় করেন তিনি। দীর্ঘ বিরতির পর ‘স্ক্রিম’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে একই চরিত্রে আবারও পর্দায় ফেরেন এই অভিনেত্রী। এ ছাড়া ‘আই লাভ ইউ, বেথ কুপার’, ‘রিমেম্বার দ্য টাইটানস’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও ছোট বয়সেই সাফল্য পান হেইডেন। ১৯৯৮ সালের অ্যানিমেশন সিনেমা ‘আ বাগস লাইফ’-এ প্রিন্সেস ডট চরিত্রে কণ্ঠ দেওয়ার মাধ্যমে গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পাওয়া সবচেয়ে কম বয়সী শিল্পীদের একজন হয়েছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনেও নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে হেইডেনকে। মাদকাসক্তি, সেখান থেকে বেরিয়ে আসার সংগ্রাম, সন্তান জন্মের পর বিষণ্নতা এবং পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন তিনি। চলতি বছর প্রকাশিত হয়েছে তাঁর স্মৃতিকথা ‘দিস ইজ মি: আ রেকনিং’।

২০২২ সালের এক সাক্ষাৎকারে হেইডেন জানিয়েছিলেন, একসময় জন্ডিস নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর লিভার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

সাবেক ইউক্রেনীয় পেশাদার বক্সার ভ্লাদিমির ক্লিৎসকোর সঙ্গে হেইডেনের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। ২০১৮ সালে মেয়ের হেফাজত ক্লিৎসকোর কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে এ বিষয়েও প্রকাশ্যে কথা বলেন অভিনেত্রী।

হেইডেনের ভাই জ্যানসেন প্যানেত্তিয়েরিও অভিনয় ও কণ্ঠশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

মানসিক স্বাস্থ্য সচেতনতা, প্রাণী অধিকার ও পরিবেশ রক্ষার বিভিন্ন উদ্যোগেও সক্রিয় ছিলেন হেইডেন। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের মানুষের পাশে দাঁড়িয়েও ভূমিকা রাখেন তিনি।

অভিনেত্রীর মৃত্যুতে শোক জানিয়েছে মার্কিন অভিনেতা ইউনিয়ন এসএজি-এএফটিআরএ। সংগঠনটি এক বিবৃতিতে হেইডেনের দীর্ঘ অভিনয়জীবন ও তাঁর স্মরণীয় চরিত্রগুলোর কথা তুলে ধরে শোক প্রকাশ করেছে।

‘স্ক্রিম ৬’-এ হেইডেনের সহশিল্পী মেলিসা বারেরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, ‘শান্তিতে ঘুমাও, প্রিয় হেইডেন।’

হেইডেন প্যানেত্তিয়েরির আকস্মিক মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

জনপ্রিয়