শুক্রবার ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪৪, ৪ সেপ্টেম্বর ২০২৬

নতুনদের স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক

নতুনদের স্বপ্নপূরণের মঞ্চ বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক
ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে নবীন মডেলদের জন্য বিশেষ অডিশন ও প্রশিক্ষণ কার্যক্রম। বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে নতুন প্রজন্মকে মডেলিং পেশায় দক্ষ করে তোলার পাশাপাশি ফ্যাশন অঙ্গনে নতুন প্রতিভা খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, এই অডিশন শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মডেলিং ক্যারিয়ারের প্রাথমিক ধাপ, র‌্যাম্পে হাঁটার কৌশল, আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের একটি কার্যক্রম।

রাজধানীর গুলশানের নিকেতনে অনুষ্ঠিত অডিশনের প্রথম দিনেই অন্তত ১২০ জন নবীন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্য থেকে ২৫ জনকে পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিভাবানদের নির্বাচন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাদার মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

অডিশনে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় মডেল ও কোরিওগ্রাফার সৈয়দ রুমা, স্টাইলিস্ট ও ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু, ফাতিহা মিয়ামী, মাশিয়াত রহমান, তাসনুভা খানসহ সংশ্লিষ্টরা। তারা অংশগ্রহণকারীদের র‌্যাম্প ওয়াক, আত্মবিশ্বাস, ক্যামেরার সামনে অভিব্যক্তি, ব্যক্তিত্ব ও পোশাক নির্বাচনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

আয়োজক কমিটির প্রধান সুমন হোসেন ও মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, একজন মডেল সফল হতে হলে শুধু সৌন্দর্যই যথেষ্ট নয়। এর পাশাপাশি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, উপস্থাপনার দক্ষতা এবং নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। অডিশন ক্লাসগুলোতে এসব বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাছাই হওয়া প্রতিযোগীদের ধাপে ধাপে বাস্তব অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে।

অংশগ্রহণকারীদের জন্য প্রথম দিন থেকেই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। কীভাবে সঠিকভাবে র‌্যাম্পে হাঁটতে হয়, ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপন করতে হয়, শরীরের ভঙ্গি ও চোখের অভিব্যক্তি কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় এবং কোন ধরনের পোশাক নির্বাচন করা উচিত—এসব বিষয়ে প্রশিক্ষকরা বিস্তারিত নির্দেশনা দেন। পাশাপাশি নতুনদের মানসিক প্রস্তুতি ও পেশাদারিত্বের বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

অডিশনে অংশ নেওয়া নবীন মডেলরা জানান, প্রথম দিনেই তারা মডেলিংয়ের নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। বিশেষ করে র‌্যাম্পে হাঁটার সময় শরীরের ভঙ্গি, আত্মবিশ্বাস ও চোখের অভিব্যক্তি নিয়ে প্রশিক্ষকদের দেওয়া নির্দেশনা ভবিষ্যতে তাদের কাজে আসবে বলে জানান তারা।

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইকের আয়োজকরা আশা করছেন, এই অডিশন ও প্রশিক্ষণ কার্যক্রমের মধ্য দিয়ে ভবিষ্যতে দেশের ফ্যাশন অঙ্গনে অনেক নতুন মুখ উঠে আসবে। পাশাপাশি দক্ষ মডেলরা আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।

আয়োজনকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকরা জানিয়েছেন, পর্যায়ক্রমে প্রশিক্ষণ শেষে নির্বাচিত নবীনদের নিয়ে একটি বড় র‌্যাম্প শো আয়োজন করা হবে। সেখানে অভিজ্ঞ মডেলদের সঙ্গে একই মঞ্চে হাঁটার সুযোগ পাবেন নতুনরা।

জনপ্রিয়