অসুস্থতা কাটিয়ে ফিরেই দর্শকের ভালোবাসায় সিক্ত তানিয়া বৃষ্টি
দীর্ঘদিন অসুস্থতার কারণে অভিনয় থেকে দূরে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। বিরতি কাটিয়ে শুটিংয়ে ফিরেছেন গত ২৬ অক্টোবর। আর প্রত্যাবর্তনের প্রথম কাজ দিয়েই দর্শকদের প্রশংসা ও ভালোবাসা পাচ্ছেন তিনি। তার অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ মুক্তির পর ইউটিউবে বেশ সাড়া ফেলেছে।
ইকসান রনির পরিচালনায় নির্মিত নাটকটির মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া। গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এটি।
মুক্তির পর থেকেই নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন পর্যন্ত নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজারে।
পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ—এসব বিষয় উঠে এসেছে ‘অংশীদার’ নাটকের গল্পে। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।
নাটকটির গল্প অনেক দর্শকের আবেগ ছুঁয়েছে। বিশেষ করে সম্পত্তিতে নারীর অধিকার নিয়ে নিজেদের জীবনের অভিজ্ঞতার সঙ্গে নাটকের গল্পের মিল খুঁজে পেয়েছেন অনেকে।
সুমাইয়া নামের এক দর্শক মন্তব্যে লিখেছেন, ‘নাটকটা দেখে কেঁদে ফেললাম। আমরাও তিন বোন, ভাই নেই। যার ছেলে নেই তার সম্পত্তি ভাইয়ের ছেলেরা পাবে—এ আইনটা আমাকে খুব কষ্ট দেয়।’
ফারজানা নামের আরেক দর্শক লিখেছেন, ‘নাটকটির সঙ্গে বাস্তবতার অনেক মিল, আমাদের সঙ্গেও মিলে গেল। আমরাও দুই বোন, বাবা মারা গেছেন। আত্মীয়স্বজনদের কত রূপে দেখছি। কিন্তু বাবা মারা যাওয়ার আগে আমাদের নামেও দলিল করে দিয়ে গেছেন।’
গল্প ও সামাজিক বার্তার পাশাপাশি নাটকটিতে তানিয়া বৃষ্টির অভিনয়ও দর্শকদের নজর কেড়েছে। দীর্ঘ বিরতি কাটিয়ে তাকে পর্দায় ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। আরোশি নামের এক দর্শক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। তানিয়া বৃষ্টি আপুকে আবার নতুন নাটকে আমাদের মাঝে ফিরে পেয়েছি। আপু তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো—এই দোয়া করি।’
দর্শকদের এমন সাড়া পেয়ে উচ্ছ্বসিত নাটকটির নির্মাতা ইকসান রনি। তিনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার ও আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।
তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরার পেছনের গল্প জানিয়ে নির্মাতা বলেন, গত বছরের শেষ দিকে অভিনেত্রীর সঙ্গে তার কাজ করার কথা ছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সেই কাজ আর করা সম্ভব হয়নি। পরে মাসখানেক আগে আবারও তাদের মধ্যে যোগাযোগ শুরু হয়। ‘অংশীদার’ নাটকের গল্প পড়ে তানিয়া নিজেই এতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন।
নির্মাতা আরও জানান, শুটিংয়ের আগে দুই দিন একসঙ্গে বসে প্রস্তুতি নিয়েছিলেন তারা। অভিনয়ে ফেরার জন্য তানিয়া বেশ উদ্গ্রীব ছিলেন। শুটিংয়ের সময় তাকে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। নিজের চরিত্রেও তিনি দারুণ অভিনয় করেছেন বলে জানান ইকসান রনি।
সব মিলিয়ে দীর্ঘ অসুস্থতা ও বিরতির পর তানিয়া বৃষ্টির প্রত্যাবর্তনটা হয়েছে বেশ আনন্দের। নতুন নাটক দিয়ে পর্দায় ফিরেই দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসা তার এই পথচলায় নতুন অনুপ্রেরণা হয়ে উঠেছে।



























