বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৬, ১০ সেপ্টেম্বর ২০২৬

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
ছবি: সংগৃহীত

বলিউডে প্রায় তিন দশকের দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন অভিনেত্রী রানি মুখার্জি। ৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তাকে দেওয়া হয়েছে ‘রাজ কাপুর স্পেশাল কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’।

মুম্বাইয়ে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে ঐতিহ্যবাহী সাজে হাজির হন রানি। সবুজ রঙের লাল পাড়ের শাড়ি, মাথায় গাজরা ও গলায় মঙ্গলসূত্র—এই সাজে অনুষ্ঠানে উপস্থিত সবার দৃষ্টি কেড়ে নেন তিনি।

তবে পুরস্কার গ্রহণের পর মঞ্চে উঠে রানির দেওয়া বক্তব্যই হয়ে ওঠে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উপস্থিত সবাইকে চমকে দিয়ে পুরো বক্তব্য তিনি দেন মারাঠি ভাষায়।

নিজের বক্তব্যে মুম্বাইকে জন্মস্থান এবং অভিনয়জীবনের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেন রানি মুখার্জি। তিনি জানান, এই শহর তাকে জীবন ও চলচ্চিত্র সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে। এর মধ্যে সাফল্য ও ব্যর্থতাকে কীভাবে মোকাবিলা করতে হয়, সেই শিক্ষাও রয়েছে।

সম্প্রতি মহারাষ্ট্রে মারাঠি ভাষা এবং সামাজিক-সাংস্কৃতিক পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এমন সময়ে রানির স্থানীয় ভাষায় দেওয়া বক্তব্য অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে বিশেষ প্রশংসা কুড়ায়।

৬২তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রানি মুখার্জির পাশাপাশি বিনোদন জগতের আরও কয়েকজন প্রবীণ ও গুণী ব্যক্তিত্বকেও সম্মাননা দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়