মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা
আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচটি হয়ে থাকল আবেগ, স্মৃতি আর সাফল্যে মোড়ানো এক বিশেষ অধ্যায়। আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নেমেও নিজের চেনা ছন্দ ধরে রাখলেন ফুটবলের মহাতারকা। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল। জয় দিয়েই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলের অধ্যায় শেষ করলেন আর্জেন্টিনার এই কিংবদন্তি।
মেসির বিদায়ের মুহূর্ত ছুঁয়ে গেছে বাংলাদেশি তারকাদেরও। প্রিয় ফুটবলারের শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ ও ভালোবাসা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমা ও ছোট পর্দার বেশ কয়েকজন তারকা। তাদের কথায় উঠে এসেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের স্মৃতি, ভালোবাসা এবং প্রিয় তারকার বিদায়ের কষ্ট।
চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসির বিদায়কে ব্যক্তিগত কষ্টের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!।’
মেসির বিদায় নিয়ে আবেগঘন দীর্ঘ বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তার কাছে এটি কেবল একটি ম্যাচ নয়, বরং একটি যুগের সমাপ্তি। তিনি লিখেছেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।
‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের আবেগ ছুঁয়েছে ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদকেও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মেসিকে নিজেদের প্রজন্মের ‘সোনালী যুগের জাদুকর’ হিসেবে উল্লেখ করে লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’
মেসির বিদায় তাই শুধু আর্জেন্টিনা সমর্থকদের জন্য নয়, বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর জন্যও এক আবেগঘন মুহূর্ত। জাতীয় দলের জার্সিতে তার পথচলা শেষ হলেও ফুটবল ইতিহাসে তার কীর্তি ও স্মৃতি দীর্ঘদিন বেঁচে থাকবে।



























