বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, বন্ধ হচ্ছে ওয়েবসেবা
বহুল ব্যবহৃত ওয়েব প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়ায় বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকি মোকাবিলায় নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, ফ্রান্স ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্স, এএফপি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) সতর্ক করে জানিয়েছে, দ্রুত নিরাপত্তাত্রুটিগুলো সংশোধন করা না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ ওয়েবসাইট বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধে নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র এবং সরকারি তথ্যপ্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভালতোরি সরকারি নেটওয়ার্কের ওয়েবসেবা বন্ধ করে দেয়।
একই ধরনের পদক্ষেপ নিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করার অপেক্ষায় দেশটির স্থানীয় প্রশাসনের ওয়েবসাইটগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্যদিকে, ডেনমার্কের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কমবিট তাদের কয়েকটি সেবা বন্ধ করে দিয়েছে। বন্ধ হওয়া সেবার মধ্যে দেশটির জাতীয় স্কুল যোগাযোগ প্ল্যাটফর্মও রয়েছে।
এদিকে, যুক্তরাজ্যের এডিনবরা কাউন্সিলের ওয়েবসাইট এবং বিবিসির ‘ডক্টর হু’ ও ‘দ্য ট্রেইটরস’ অনুষ্ঠানের কয়েকটি ওয়েবপেজও ব্যবহারকারীদের কাছে অপ্রাপ্য হয়ে পড়ে। তবে এসব ওয়েবসাইট ও সেবা বন্ধ হওয়ার সঙ্গে পিএইচপির নিরাপত্তাত্রুটির সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজের গবেষকেরা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় পিএইচপির এই নিরাপত্তাত্রুটিগুলো শনাক্ত করেন।
উইজের তথ্য অনুযায়ী, উন্নত এআই মডেল কাজে লাগিয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে একাধিক অ্যাপ্লিকেশনের বিরুদ্ধে কার্যকর হামলার কৌশল তৈরি ও পরিবর্তন করা সম্ভব হয়েছে। এতে নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উদ্বেগ আরও বেড়েছে।
প্রতিষ্ঠানটির অনুমান, পিএইচপির এই ত্রুটির কারণে ইন্টারনেটের প্রায় ৭০ শতাংশ ঝুঁকির মুখে থাকতে পারে। তবে বিবিসি জানিয়েছে, এই পরিসংখ্যানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।



























