মাইক্রোসফটের বড় প্রযুক্তিগত বিপর্যয়, ৭৪ দেশে সেবা বিঘ্নিত
বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির ইমেইল, ভিডিও কনফারেন্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সেবা ব্যবহারে বিঘ্ন ঘটেছে। কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি অচল হয়ে পড়েছে এসব সেবা। এতে ৭৪ দেশের ব্যবহারকারীরা বিপাকে পড়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও জরুরি সেবার কার্যক্রম ব্যাহত হচ্ছে। মাইক্রোসফট জানিয়েছে, সাইবার হামলার কারণে এ সমস্যা তৈরি হয়নি। বরং তাদের অবকাঠামোয় অতিরিক্ত চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানে একাধিক উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট ৩৬৫-এর বিভিন্ন সেবা, বিশেষ করে টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলট ব্যবহারে সংযোগজনিত সমস্যা দেখা দিয়েছে। ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন মাত্রায় সমস্যার মুখে পড়েছেন। অনেকে ই-মেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ প্রয়োজনীয় ফাইল দেখতে পারছেন না, আবার কারও ক্যালেন্ডার অ্যাপের তথ্য ব্যবহারেও সমস্যা হচ্ছে।
তবে সব ব্যবহারকারীর ক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা যায়নি। কেউ কেউ টিমস ব্যবহার করতে পারছেন এবং এর মেসেজ আদান-প্রদান ও অনলাইন মিটিংয়ের সুবিধাগুলো স্বাভাবিকভাবেই কাজ করছে।
মাইক্রোসফটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৪৩ কোটির বেশি মানুষ প্রতিষ্ঠানটির ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। তবে এই বিপর্যয়ে প্রকৃতপক্ষে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
প্রযুক্তিগত সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭৪টি দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যবহারকারী আউটলুকের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন। তবে প্রকৃত ক্ষতিগ্রস্তের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের নিজেরা অভিযোগ জানানোর ভিত্তিতে তথ্য সংগ্রহ করে।
মাইক্রোসফটের সেবার ওপর নির্ভরশীল বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানও এ বিপর্যয়ের প্রভাবে পড়েছে। প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই ও অ্যানথ্রপিকও তাদের সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছে।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই বলেছে, মাইক্রোসফটের বিভিন্ন সেবার সঙ্গে তাদের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। এ কারণে তাদের কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগর প্রশাসন থেকে শুরু করে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থাও এ বিপর্যয়ের প্রভাবের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে টেক্সাস পর্যন্ত বিভিন্ন আদালত জানিয়েছে, যোগাযোগ কার্যক্রমে বিলম্ব হতে পারে।
কানাডার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, টরন্টোর একাধিক হাসপাতাল পরিচালনাকারী একটি স্বাস্থ্যসেবা নেটওয়ার্কে ইমেইল ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। তবে এতে রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হয়নি। জাপান সরকারও জানিয়েছে, দেশটির যৌথ তথ্যপ্রযুক্তি প্ল্যাটফর্মে এ বিপর্যয়ের প্রভাব পড়েছে।
যুক্তরাজ্যেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এ সমস্যা। দেশটির বিভিন্ন চিকিৎসকের চেম্বার, ফার্মেসি, পুলিশ বিভাগ ও শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি চিকিৎসাকেন্দ্র সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত ওয়েবসাইটের মাধ্যমে রোগীদের বার্তা না পাঠানোর অনুরোধ জানিয়েছে। আবার কয়েকটি বড় পুলিশ বাহিনী কোনো ঘটনা জানাতে চাইলে সাধারণ মানুষকে ফোনে যোগাযোগের পরামর্শ দিয়েছে।
মাইক্রোসফট জানিয়েছে, এ সমস্যার পেছনে কোনো সাইবার হামলার ঘটনা নেই। প্রতিষ্ঠানটির অবকাঠামোয় অস্বাভাবিক মাত্রায় চাপ তৈরি হওয়ায় সেবাগুলোতে বিঘ্ন ঘটেছে। তাদের ভাষায়, অবকাঠামোয় ‘এলিভেটেড লোড’ বা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
মাইক্রোসফটের ব্যাখ্যা অনুযায়ী, বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ে। ফলে বাকি সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত ট্রাফিকের চাপ তৈরি হয়। এতে সেগুলোর কার্যক্ষমতাও ব্যাহত হয় এবং বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা দেখা দেয়।
শুক্রবার বিকেলে প্রতিষ্ঠানটি জানায়, ইউরোপে সেবা পুনরুদ্ধারের ক্ষেত্রে উৎসাহব্যঞ্জক অগ্রগতি হয়েছে। উত্তর আমেরিকাতেও পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এখনো যেসব এলাকায় সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে কাজ চলছে। মাইক্রোসফট সতর্ক করে বলেছে, পুনরুদ্ধার কার্যক্রম চলাকালে কিছু ব্যবহারকারী এখনো মাঝেমধ্যে সমস্যার মুখে পড়তে পারেন।
এর আগে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সমস্যা সমাধানে নেওয়া পদক্ষেপগুলো প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না।
বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোসফটের এই বিপর্যয়ের প্রভাব বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট বিবিসিকে বলেন, “মাইক্রোসফট ইন্টারনেটের মূল অবকাঠামোর একটি বিশাল অংশ। এই ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, যোগাযোগের ক্ষেত্রে ইমেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “এই বিপর্যয়ের কারণে শুধু অনেক মানুষের কাজ করার সক্ষমতাই ব্যাহত হচ্ছে না, বরং বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে যোগাযোগ, পণ্য কেনার সময় প্রয়োজনীয় যাচাইকরণ, নতুন অ্যাকাউন্ট তৈরি এবং বিভিন্ন সেবা ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে।”
স্কাইপ ও উবারসহ বিশ্বের বড় কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করা গেরগেলি ওরোসজ মনে করেন, এটি ইতিহাসের সবচেয়ে বড় ধরনের ব্যবসায়িক ইমেইল বিপর্যয়গুলোর একটি হতে পারে। তিনি বলেন, “ঠিক কতসংখ্যক মানুষ এ সমস্যায় পড়েছেন, তা এখনো নির্ধারণ করা কঠিন। তবে ব্যবসায়িক ই-মেইল সেবা এত দীর্ঘ সময় ধরে স্বাভাবিক অবস্থায় ফিরতে না পারার ঘটনা তাঁর মনে পড়ে না।”
নিউজিল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান গরিলা টেকনোলজির পল স্পেন বলেন, ই-মেইল ও বিভিন্ন অনলাইন সেবা বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলো কার্যত একটি কর্মদিবস হারিয়েছে। এতে ব্যবহারকারীরা হতাশ হচ্ছেন।



























