বৃহস্পতিবার ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২২ অক্টোবর ২০২৬

বছর শেষের আগেই সাইবারক্যাব বিক্রি শুরু করবে টেসলা

বছর শেষের আগেই সাইবারক্যাব বিক্রি শুরু করবে টেসলা
ছবিঃ সংগৃহীত

বছর শেষ হওয়ার আগেই গ্রাহকদের কাছে সাইবারক্যাব বিক্রি শুরু করবে টেসলা। বুধবার এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে গাড়িটি যানবাহনের নিরাপত্তাবিষয়ক মানদণ্ড পূরণ করে কি না, তা নিয়ে এখনো তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা। সোনালি রঙের স্বয়ংক্রিয়ভাবে চলতে সক্ষম দুই আসনের এই গাড়িতে স্টিয়ারিং হুইলসহ প্রচলিত নিয়ন্ত্রণব্যবস্থার অনেক কিছুই নেই।

টেসলার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল নিয়ে এক সভায় এর প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট লার্স মোরাভি বলেন, “বর্তমানে তৈরি করা সব সাইবারক্যাবই প্রতিষ্ঠানটির নিজস্ব রোবোট্যাক্সি বহরের জন্য বরাদ্দ। এই বহর বড় হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটি মূলত সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য নকশা করা গাড়ি গ্রাহকদের কাছে সরবরাহ করবে।” তবে শুরুতে এর পরিসর ছোট রাখা হবে বলে জানান তিনি। স্বয়ংক্রিয় গাড়ি সরবরাহ, মালিকানা এবং বহর পরিচালনার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ধীরে ধীরে কার্যক্রম বাড়াবে টেসলা।

গত মাসে যুক্তরাষ্ট্রের অস্টিনে সাইবারক্যাব নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সময় প্রথমবারের মতো তৃতীয় পক্ষের কাছে স্বয়ংক্রিয় গাড়ি বিক্রির পরিকল্পনার কথা জানায় টেসলা। এমনকি রোবোট্যাক্সি কিনতে আগ্রহীদের জন্য একটি ফরমও প্রকাশ করে প্রতিষ্ঠানটি। তবে শেষ পর্যন্ত টেসলা এই পরিকল্পনা বাস্তবায়ন করবে কি না, কিংবা কীভাবে করবে, তা স্পষ্ট ছিল না।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বহু বছর ধরেই কম খরচে বিপুলসংখ্যক রোবোট্যাক্সি তৈরির পরিকল্পনার কথা বলে আসছেন। তবে এখন পর্যন্ত তার পরিকল্পনার মূল লক্ষ্য ছিল সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন টেসলার গাড়িগুলোকে স্বচালিত ট্যাক্সিতে রূপান্তর করা। সেই পরিকল্পনা এখনো বাস্তবায়িত হয়নি। আয়সংক্রান্ত সম্মেলনে মাস্কের বক্তব্য থেকে বোঝা যায়, এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।

বর্তমানে টেসলার মালিকেরা ‘ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড)’ নামের একটি উন্নত চালক-সহায়ক ব্যবস্থা ব্যবহারের জন্য সাবস্ক্রিপশন নিতে পারেন। এটি গাড়ি চালানোর অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারলেও চালককে প্রয়োজনে নিয়ন্ত্রণ নিতে হয়। ব্যবস্থাটির সক্ষমতা বাড়াতে টেসলা নিয়মিত সফটওয়্যার হালনাগাদ করছে। তবে চালককে সব সময় সতর্ক থাকতে হয় এবং প্রয়োজনে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। যদিও অনলাইনে প্রকাশিত অনেক ভিডিওতে চালকদের এই নিয়মের সীমা পরীক্ষা করতে দেখা গেছে।

বুধবার মাস্ক বলেন, “চালক ছাড়াই গাড়ি চালাতে সক্ষম ‘ফুল সেলফ-ড্রাইভিং’ ব্যবস্থাটি আগামী বছরের দ্বিতীয়ার্ধের কোনো এক সময় গ্রাহকদের জন্য চালু করা হবে। এর ফলে টেসলার গাড়ির মালিকদের আবারও অপেক্ষা করতে হচ্ছে। তাদের অনেকেই কয়েক বছর আগে এই সফটওয়্যার কিনেছেন বা এর সাবস্ক্রিপশন নিয়েছেন।”

দুটি সময়সীমা ঠিক থাকলে, টেসলার নিজস্ব গাড়ির মালিকেরা নিজেদের গাড়িতে একই স্বয়ংক্রিয় চালনাসুবিধা পাওয়ার আগেই অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইবারক্যাব কিনে রোবোট্যাক্সি সেবা চালু করতে পারবে। মাস্কের ভাষ্য, সাইবারক্যাব মূলত যাত্রী পরিবহনের জন্য তৈরি, ব্যক্তিগত মালিকানার গাড়ি হিসেবে নয়।

সর্বশেষ

জনপ্রিয়