রোববার ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯:২৯, ২৭ জুন ২০২৬

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর গ্রফতার ২৪

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর গ্রফতার ২৪
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের পর, পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে। একটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী একটি সরকারি ভবনের কাছে জড়ো হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ‘ফ্রি মিলস’ বা বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রত্যক্ষদর্শীদের মতে, কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে ও সড়কের মাঝখানে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে তাদেরকে গ্রেফতার করে।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর শনিবার এএফপিকে জানান, মোট ২৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি বলেন, পুলিশ তাদের শনিবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে। তবে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান শুক্রবার রাতে সাংবাদিকদের জানান, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে কিছু বস্তু নিক্ষেপ করার পর, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ‘ডজনখানেক’ মানুষকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তা থেকে বাজেটের চাপ কমানোর লক্ষ্যে প্রাবোওর প্রশাসন ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়ানোর পর, এই মাসে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারের বহু বিলিয়ন ডলারের ফ্রি মিলস কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানায়।

সর্বশেষ

জনপ্রিয়