আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ।
কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি সেখানে রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
একই সময়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তাকেও ছেড়ে দেওয়া হয়। রাতে সেখানে যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। কিছু সময় অবস্থান করে তিনি ফিরে যান।
এদিকে, আগের দিন পুলিশ ও সিজেপি সমর্থকদের সংঘর্ষের ঘটনায় আটক আরও ৭০ জনকে মঙ্গলবার মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।
রাহুল গান্ধীর এই কর্মসূচির সমালোচনা করে বিজেপি সভাপতি নিতিন নবীন বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিরোধীদলীয় নেতার এমন কর্মসূচি ভারতীয় রাজনীতির জন্য দুঃখজনক এবং এটি একটি নেতিবাচক নজির।
অন্যদিকে, রাতে যন্তর মন্তরে গিয়ে সিজেপির বিক্ষোভে যোগ দেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোক কল্যাণ মার্গ অভিমুখে একটি মিছিল বের করেন কংগ্রেস নেতা-কর্মীরা। মিছিলে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করলেও কংগ্রেস নেতৃত্ব অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে।
অন্যদিকে, বিজেপির দাবি, পুরো কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে আম আদমি পার্টির নেতা সোমনাথ ভারতীর অভিযোগ, ছাত্র-যুবদের চলমান আন্দোলনের পরিবর্তে রাহুল গান্ধী রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছেন।



























