দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক
ভারতের শিক্ষা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। খবর এনির।
মঙ্গলবার (২১ জুলাই) লোক কল্যাণ মার্গে অবস্থিত ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে কংগ্রেসের বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের আটক করে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কংগ্রেস নেতারা সেখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। বিক্ষোভের একপর্যায়ে পুলিশ হস্তক্ষেপ করে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং দলের অন্যান্য নেতাকে হেফাজতে নেয়।
শিক্ষার্থী আন্দোলনকারীদের ওপর পুলিশের অভিযানের প্রতিবাদ এবং প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে জবাবদিহির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে কংগ্রেস। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে ব্যাখ্যা দাবি করেন।
কংগ্রেসের অভিযোগ, দিল্লিতে যুব আন্দোলনকারীদের ওপর পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কঠোর পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে উত্তর চাওয়া হচ্ছে।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-সমর্থিত আন্দোলনকারীরা সংসদ অভিমুখে মিছিল করার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সংঘর্ষে প্রায় ১৮০ জন আহত হয়েছেন, যার মধ্যে পুলিশ সদস্য ও আন্দোলনকারী উভয়েই রয়েছেন।
কংগ্রেস নেতাদের এই বিক্ষোভে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা অংশ নেন। তারা প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার্থীদের ওপর পুলিশি ব্যবস্থা এবং সরকারের জবাবদিহি নিয়ে প্রতিবাদ জানান।
এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া নির্ধারিত এলাকায় বিক্ষোভ করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: এনি



























