জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার (৩১ জুলাই) কুমামোতো প্রিফেকচার সরকার এ তথ্য জানায়।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের কিউশু দ্বীপের উকি শহরের কাছে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৪০ হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ব্যাহত হয় রেল চলাচলও। ভূমিকম্পের পর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।
নিহতদের প্রায় অর্ধেকের মৃত্যু হয়েছে দুটি বড় দুর্ঘটনায়। এর একটি কুমামোতো এলাকার নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের একটি কাগজ কারখানায় কাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনায়। অন্যটি একটি এইওন স্টোরে সম্ভাব্য গ্যাস বিস্ফোরণের ঘটনায়।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাসিন্দাদের আরও শক্তিশালী পরাঘাতের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে, প্রচণ্ড গরমের মধ্যে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। এতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও কঠিন হয়ে পড়েছে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। এর আগে কুমামোতো অঞ্চলে ১০ বছর আগে ভয়াবহ ভূমিকম্পে ২৭৫ জনের মৃত্যু হয়েছিল।
তথ্যসূত্র: আল জাজিরা



























