বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ৬ আগস্ট ২০২৬

‘পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মানতে নারাজ জাপান

‘পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ মানতে নারাজ জাপান
ছবি: সংগৃহীত

জাপানে মার্কিন পারমাণবিক বোমা হামলার ৮১তম বার্ষিকী পালনের দিনে দেশটির পারমাণবিক অস্ত্রসংক্রান্ত দীর্ঘদিনের অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। স্মরণানুষ্ঠানে অংশ নিলেও তিনি জাপানের সুপরিচিত ‘তিনটি পারমাণবিক অস্ত্রমুক্ত নীতি’ স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করা থেকে বিরত থেকেছেন।

কিয়োডো নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার হিরোশিমায় আয়োজিত বার্ষিক স্মরণানুষ্ঠানে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তাকাইচি জানান যে সরকার ঐতিহ্যগত নীতিগুলো বজায় রাখবে এবং পারমাণবিক অস্ত্রহীন বিশ্বের লক্ষ্যে ‘বাস্তবসম্মত ও কার্যকর’ প্রচেষ্টা চালিয়ে যাবে। তবে বর্তমান জটিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি জাপানের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র উৎপাদন, দখল বা প্রবেশের অনুমতি না দেওয়ার নীতিগুলো সরাসরি বজায় রাখার বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দেননি।

১৯৪৫ সালের ৬ আগস্ট হিরোশিমায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা ফেলার সঠিক সময়টি স্মরণ করে স্থানীয় সময় সকাল ৮:১৫ মিনিটে এক মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, ওই বোমা হামলার ফলে ১৯৪৫ সালের শেষ নাগাদ আনুমানিক ১ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল।

অনুষ্ঠানে হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই বিশ্বনেতাদের প্রতি কঠোর আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সংঘাতে পারমাণবিক অস্ত্র এখনও ‘ভীতি প্রদর্শনের হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হচ্ছে। শক্তিপ্রয়োগের এই প্রবণতা মেনে নিলে আরেকটি হিরোশিমা বা নাগাসাকির মতো ট্র্যাজেডির ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করে তিনি পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য নতুন করে বহুপাক্ষিক উদ্যোগ নেওয়ার দাবি জানান। সূত্র আনাদুলু

জনপ্রিয়