গাজায় ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
উত্তর গাজা উপত্যকার একটি সামরিক ঘাঁটির ভেতরে বিস্ফোরকবাহী একটি ড্রোন বিধ্বস্ত হয়ে বিস্ফোরণের ঘটনায় দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
নিহতরা হলেন—হার হালুজের ২৪ বছর বয়সী নাদাভ কালি এবং জেরুজালেমের ২৩ বছর বয়সী ওফেক মোয়ালেম। দুজনই ইসরায়েলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডের সদস্য ছিলেন।
৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ জুরি জানান, ওই দুই সেনা এর আগে ড্রোনটির প্রথম অভিযান সফলভাবে সম্পন্ন করেন। পরে দ্বিতীয়বার ড্রোনটি পরিচালনার সময় সেটি সামরিক ঘাঁটির ভেতরে গিয়ে বিধ্বস্ত হয়।
জুরি বলেন, ড্রোনটি বিধ্বস্ত হওয়ার পর সেটির কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে নাদাভ কালি ও ওফেক মোয়ালেম কাছে যান। এ সময় ড্রোনটিতে বিস্ফোরণ ঘটে এবং দুজন গুরুতর আহত হন।
পরে তাদের আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আর কোনো সেনা আহত হননি বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনটি বিস্ফোরক বহনে সক্ষম একটি সামরিক ড্রোন ছিল। ঘটনার প্রাথমিক পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ড্রোন পরিচালনার কার্যক্রম স্থগিত রেখেছে।
এলাদ জুরি জানান, ১৬তম ব্রিগেড গত ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজায় সামরিক কার্যক্রম পরিচালনা করছে। নিহত দুই রিজার্ভ সেনার মধ্যে একজন সার্জেন্ট এবং অপরজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।



























