সোমবার ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রাহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ২৩ নভেম্বর ২০২৬

বিদেশে গোপন তথ্য পাচারের অভিযোগে চীনে এক কর্মকর্তার মৃত্যুদণ্ড

বিদেশে গোপন তথ্য পাচারের অভিযোগে চীনে এক কর্মকর্তার মৃত্যুদণ্ড
ছবিঃ এআই

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। ওই কর্মকর্তা বিদেশে কর্মরত থাকা অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ শুরু করেন। পরে দেশে ফিরেও তথ্য পাচার চালিয়ে যান বলে অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সোমবার (২৩ নভেম্বর) চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংরক্ষণবিষয়ক প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি অ্যাকাউন্টে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ওই কর্মকর্তার পুরো নাম প্রকাশ করা হয়নি। শুধু তার শেষ নাম ‘মা’ বলে উল্লেখ করা হয়েছে। বিদেশে কর্মরত থাকা অবস্থায় একটি বিদেশি গোয়েন্দা সংস্থা তাকে নিজেদের পক্ষে কাজ করতে রাজি করায়।

পরে চীনে ফিরে ওই সংস্থার নির্দেশে তিনি শতাধিক গোয়েন্দা প্রতিবেদন পাঠান। এর মধ্যে ৩৫টি তথ্যকে রাষ্ট্রীয় গোপন তথ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার বিনিময়ে মা ১০ লাখ ইউয়ানের বেশি অর্থ পেয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এদিকে একটি আদালত মাকে মৃত্যুদণ্ড দেওয়ার পাশাপাশি তার সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন।

তবে কোন আদালত এ রায় দিয়েছেন, মা কোন প্রতিষ্ঠানে কাজ করতেন কিংবা কোন দেশের গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য পাচার করেছেন, তা প্রতিবেদনে জানানো হয়নি।

একই সঙ্গে তাকে কবে গ্রেফতার করা হয়েছে এবং কবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়েও বিস্তারিত প্রকাশ করা হয়নি। এমনকি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে কি না, তাও স্পষ্ট নয়।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা বিভাগ সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ঘটনা প্রকাশ করছে। বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে কর্মকর্তাদের সতর্ক করতেই তারা এসব ঘটনা সামনে আনছে।

বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচারের অভিযোগে চীনের অনেক কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তাদের মৃত্যুদণ্ডও দেওয়া হয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ২০২৫ ও ২০২৬ সালে চীনের সরকারি ও সামরিক প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের তথ্যদাতা হিসেবে নিয়োগের চেষ্টা করেছে। এ উদ্দেশ্যে সংস্থাটি কয়েকটি ভিডিও প্রকাশ করে।

এসব ভিডিওতে সিআইএর সঙ্গে নিরাপদে যোগাযোগ করার বিষয়ে চীনা ভাষায় বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। তবে এসব ভিডিও প্রকাশের মাধ্যমে সিআইএ অন্য দেশের গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে দাবি বেইজিংয়ের।

সূত্র: রয়টার্স

সর্বশেষ

জনপ্রিয়