মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯, ১৭ মার্চ ২০২৬

আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ

আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ ও ফ্যাসিস্ট সংগঠনের শক্তিশালী নেতাকর্মীদের জামিনের পর পুনরায় অন্য মামলায় গ্রেফতার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) নির্দেশনা প্রত্যাহারের দাবিতে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৬ মার্চ) আইন ও সালিস কেন্দ্রের পক্ষে আইনজীবী সৈয়দা নাসরিন ও মোহাম্মদ শাহীনুজ্জামান এ নোটিশ পাঠান। নোটিশে সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও উল্লেখ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শাহীনুজ্জামান।

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে এমন নির্দেশনা প্রদান করেন। তিনি নির্দেশ দেন, এসব সংগঠনের কোনো নেতা বা কর্মী আদালত থেকে জামিন পেলে, তাদের পুনরায় অন্য মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখাতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ডিআইজি স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে রেঞ্জের অধীন আটটি জেলার পুলিশ সুপারদের এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করার জন্য নির্দেশক্রমে জানানো হলো—
(১) কার্যক্রম নিষিদ্ধ বা স্থগিত ফ্যাসিস্ট সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন এবং মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখতে সক্ষম— তাদের জামিনের পর অন্য মামলায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখাতে হবে। তবে যারা এ ধরনের বৈশিষ্ট্যের অধিকারী নয়, তাদের ক্ষেত্রে আপাতত এ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন নেই।
(২) প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে।’

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, এর আগে এ বিষয়ে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশ সুপারদের অবহিত করা হয়েছিল এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

রাজশাহী রেঞ্জের আওতাধীন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট— এই আট জেলার পুলিশ সুপারদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।