ব্যারিস্টার সুমনের জামিন বহাল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ব্যারিস্টার সুমন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় যুবদল নেতা হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন। পরে এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ব্যারিস্টার সুমনের নাম আসে।



























