‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ বললেন লতিফ সিদ্দিকী
মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হলে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’
বৃহস্পতিবার (৩০ জুলাই) ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটিতে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুনানির সময় লতিফ সিদ্দিকীর আইনজীবী তার পক্ষে বক্তব্য দেওয়ার অনুমতি চান। তবে ট্রাইব্যুনাল সেই আবেদন গ্রহণ না করলে কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে তিনি আদালতের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। পরে ট্রাইব্যুনাল তাকে থামতে নির্দেশ দিলে তিনি বলেন, ‘হায়রে হায় হায়। এই যদি হয় আদালত, আমি কোথায় যাই?’
পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বলতে চাচ্ছিলাম যে আমাকে ফাঁসি দিয়ে দেন।’
এদিকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন লতিফ সিদ্দিকীর ছোট ভাই কাদের সিদ্দিকী। তিনি দাবি করেন, শাপলা চত্বরের ঘটনায় তার ভাই নির্দোষ এবং মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তারা আইনি লড়াই চালিয়ে যাবেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, অভিযুক্ত ব্যক্তির আদালতে বক্তব্য দেওয়ার সুযোগ থাকা উচিত। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ট্রাইব্যুনালে তার ভাইয়ের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।



























