ধানমণ্ডি-৩২ ভাঙচুর
ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেননি আদালত
ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
একই আবেদনে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকে আসামি করার কথা বলা হয়েছিল।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী এ আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
আবেদনে অভিযোগ করা হয়, গত বছরের ৫ ফেব্রুয়ারি পূর্বপরিকল্পিতভাবে ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালানো হয়।
পরে বুলডোজার ব্যবহার করে ভবনের বিভিন্ন অংশ গুঁড়িয়ে দেওয়া, ঐতিহাসিক নথি ও স্মৃতিচিহ্ন লুট এবং অগ্নিসংযোগের অভিযোগও করা হয়।
মামলার আবেদনে ড. ইউনূস ও ড. আসিফ নজরুল ছাড়াও ড. রেজওয়ানা হাসান, শফিকুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মাহফুজ আলম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও কনক সারোয়ারসহ ২৭ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগের ঘটনায় দণ্ডবিধি, বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় অপরাধ আমলে নেওয়ার পাশাপাশি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছিল।
তবে আদালত মামলা গ্রহণের মতো উপাদান না পাওয়ায় আবেদনটি খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।



























