শনিবার ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০০:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, ভিউজ বাংলাদেশের সাংবাদিক আহত

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, ভিউজ বাংলাদেশের সাংবাদিক আহত
ছবি: সংগৃহীত

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে ভিউজ বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার সুদেব কুমার বিশ্বাস আহত হয়েছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক সুদেব কুমার বিশ্বাস জানান, আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে তিনি ও আরও কয়েকজন সাংবাদিক ঘটনাস্থল থেকে লাইভ রিপোর্ট করছিলেন। এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৫-৬ জন সাংবাদিক আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। সংঘর্ষের মধ্যেই ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকরাও পুলিশের লাঠিচার্জের শিকার হন।

আহত সাংবাদিকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, “জাবের ভাই গুলিবিদ্ধ।” একই সঙ্গে পুলিশের বলপ্রয়োগের অভিযোগও তোলা হয়।

সংগঠনটির দাবি, যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে আব্দুল্লাহ আল জাবের আহত হন।

এ ছাড়া আব্দুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার দাবি করা হয়। সেখানে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, “চিকিৎসা শেষে পুনরায় রাজপথে কর্মসূচি দেওয়া হবে।”

ঘটনার সময় সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ