কারাগারেই ঈদ উদযাপন করছেন সাবেক মন্ত্রী-এমপি ও আমলা
দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ শনিবার। আনন্দের এ দিনে দেশের বিভিন্ন কারাগারে বন্দি থাকা সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও উচ্চপদস্থ আমলারাও অন্য বন্দিদের সঙ্গে কারাগারেই ঈদ উদযাপন করছেন।
কারা অধিদফতর ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন কারাগারে এমন বন্দির সংখ্যা ১৭৮ জন। তাদের মধ্যে ৪৩ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, আর বাকিরা বিভিন্ন পর্যায়ের আমলা। অধিকাংশ বন্দিই ডিভিশন সুবিধা পেয়েছেন, ফলে তারা বিধি অনুযায়ী নির্ধারিত সুযোগ-সুবিধা ভোগ করছেন।
কারা সূত্র জানায়, এসব বন্দিদের গাজীপুরের কাশিমপুর, কেরানীগঞ্জ, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও দিনাজপুরসহ বিভিন্ন কারাগারে রাখা হয়েছে। কেরানীগঞ্জের বিশেষ কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের বড় একটি অংশ। অন্যদিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে কিছু সাংবাদিককে রাখা হয়েছে।
এছাড়া নারায়ণগঞ্জের বিশেষ কারাগারে রয়েছেন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান। সিরাজগঞ্জে আছেন এক সাবেক মহিলা এমপি এবং দিনাজপুর কারাগারে রয়েছেন এক বয়স্ক সাবেক এমপি ও তার ছেলে।
কেরানীগঞ্জ বিশেষ কারাগারে বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক শিক্ষামন্ত্রী ড. দীপু মনি, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, টিপু মুনশি, আমির হোসেন আমু, আসাদুজ্জামান নূরসহ আরও অনেকে।
কারা অধিদফতরের কর্মকর্তারা জানান, ঈদ উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে। সকালের নাশতায় থাকছে মুড়ি, পায়েস বা সেমাই। দুপুরে পরিবেশন করা হবে গরুর মাংস বা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয় ও সালাদ। রাতে থাকছে ভাত, রুই মাছ ও আলুর দম।
এছাড়া বন্দিরা ঈদের দিন স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন এবং পাঁচ মিনিট ফোনে কথা বলার সুযোগ পাবেন। ঈদের দ্বিতীয় দিন নির্ধারিত নিয়ম মেনে বাসা থেকে আনা খাবার গ্রহণের সুযোগ থাকবে।
কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা কারাবন্দি অবস্থাতেও ঈদের আনন্দ কিছুটা উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া এসব সাবেক মন্ত্রী, এমপি ও কর্মকর্তারা বর্তমানে কারাগারে রয়েছেন এবং এবারের ঈদ তারা সেখানেই উদযাপন করছেন।



























