এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলেও কেপ ভার্দের লড়াকু ফুটবল প্রশংসা কুড়িয়েছে ফুটবল অঙ্গনে। অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াই শেষে ৩-২ গোলে পরাজিত হলেও দলটির পারফরম্যান্সে গর্ব প্রকাশ করেছেন প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। তাঁর মতে, এটি শুধু একটি হার নয়, বরং গৌরবের পরাজয়।
শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ৩২-এর ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল আফ্রিকার দেশটি। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টিনার রক্ষণভাগকে কঠিন চাপে রাখে কেপ ভার্দে। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল হজম করে স্বপ্নভঙ্গ হয় তাদের। সেই জয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্রিতো বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচকে অতিরিক্ত সময়ে নেওয়া আমাদের দেশের জন্য সম্মানের। ফল আমাদের পক্ষে না গেলেও আমি এটিকে গৌরবের পরাজয় বলব। আমার খেলোয়াড়দের নিয়ে আমি ভীষণ গর্বিত।”
তিনি আরও বলেন, “আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে ১২০ মিনিট সমানতালে লড়াই করাটা সহজ নয়। আমার বিশ্বাস, খুব কম দলই তাদের বিপক্ষে দুটি গোল করে ম্যাচকে অতিরিক্ত সময়ে নিতে পারত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র, সাহস ও লড়াইয়ের মানসিকতা দেশের মর্যাদা বাড়িয়েছে।”
তবে এমন লড়াইয়ের পরও বিদায়ের কষ্ট আড়াল করেননি কেপ ভার্দের এই কোচ। তিনি জানান, ম্যাচ শেষে ড্রেসিং রুমে ছিল বিষাদের পরিবেশ। খেলোয়াড়রা হতাশ ছিল, অনেকেই আবেগ ধরে রাখতে পারেনি। তবে তাঁর বিশ্বাস, এই অভিজ্ঞতাই ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে।
ব্রিতো বলেন, “আমরা অবশ্যই কষ্ট পেয়েছি, কারণ জয় থেকে খুব বেশি দূরে ছিলাম না। কিন্তু খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরেছে, কেঁদেছে এবং আবারও উঠে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছে। বড় দল হয়ে উঠতে হলে এমন অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়।”
বিশ্বকাপে নিজেদের প্রথম অংশগ্রহণেই দারুণ ছাপ রেখেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় নবাগত দলটি। এরপর আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষকে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াইয়ে আটকে রেখে বিদায় নিলেও সাহসী পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে নিজেদের সম্ভাবনার জানান দিয়েছে আফ্রিকার দেশটি।



























