শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬:২৪, ৪ জুলাই ২০২৬

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা
ছবি: সংগৃহীত

সিলেটের একটি সরকারি অনুষ্ঠানে মাত্র তিন মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ৮৬ বার ‘স্যার’ বলে সম্বোধন করে আলোচনায় এসেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় প্রতিটি বাক্যেই মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ শওকত জামিল।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই বিষয়টিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেছেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন।

এ বিষয়ে মোহাম্মদ শওকত জামিল বলেন, ‘তিন মিনিটের বক্তব্যে ‘স্যার’ শব্দটি বারবার বলা কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিষয় নয়। এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘আমি সবসময় সিনিয়র ও অগ্রজদের প্রতি সম্মান জানিয়ে এভাবেই সম্বোধন করি। বক্তব্য দেওয়ার সময় অভ্যাসবশত “স্যার” শব্দটি বেশি এসেছে। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কে কী বলছেন, সেটি তাদের বিষয়। আমার উদ্দেশ্য ছিল কেবল বিনয় প্রকাশ এবং একজন সিনিয়রকে সম্মান জানানো।’

সর্বশেষ

জনপ্রিয়