দক্ষিণ গোড়ানে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী হাবিব
রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জনসাধারণকে সম্পৃক্ত করতে খিলগাঁও দক্ষিণ গোড়ানে শুরু হয়েছে মাসব্যাপী “ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬”।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে এক জনসচেতনাতামূলক র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই ৩০ দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
'সমন্বিত সচেতন সমাজ'-এর সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলন। প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ি এবং আঙিনা পরিষ্কার রাখতে হবে, যাতে কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকে। 'সমন্বিত সচেতন সমাজ'-এর এই উদ্যোগ প্রশংসনীয় এবং এই সচেতনতা ঢাকার প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে।"
অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল তাঁর বক্তব্যে বলেন, আজ থেকে শুরু হওয়া আমাদের এই ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধন ওষুধ, স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এই কর্মসূচির বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।
উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশেপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সমন্বিত সচেতন সমাজ-এর সমন্বয়কারী ইমরান, মাহমুদ, ফারুক, রবিন, হাসান ও সাইফুলসহ একঝাঁক প্রাণবন্ত সেচ্ছাসেবক এবং সর্বস্তরে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।



























