শুক্রবার ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ৩০ জুলাই ২০২৬

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও শতকোটি

কাজিদের কেরামতি, বছরে রাজস্ব উধাও শতকোটি
ছবি: সংগৃহীত

অনিয়ম-ঘুষ, লাইসেন্স ভাড়া ও বিপুল রাজস্ব ফাঁকির এক অগোছালো জালে বন্দি দেশের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা। বছরের পর বছর চললেও সেবা খাতকে দুষ্টচক্রের হাত থেকে উদ্ধারে কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

কালবেলা এক প্রতিবেদনে জানায়, প্রতি বছর প্রায় ৬ হাজার নিকাহ রেজিস্ট্রার হয়। কাজি সরকারি কমিশনের নামে গ্রাহকদের কাছ থেকে নেন অন্তত ১ হাজার ৪৪০ কোটি টাকা। অথচ এর ১ শতাংশ অর্থও পৌঁছায় না রাষ্ট্রীয় কোষাগারে। অনিয়মের এখানেই শেষ নয়; লাখ লাখ টাকার ঘুষ-বাণিজ্য ও রাজনৈতিক সুপারিশে লাইসেন্স পাওয়া এখন ‘ওপেন সিক্রেট’।

অনৈতিকভাবে নিয়োগ পাওয়া এসব কাজি আবার ভুয়া প্রতিনিধি নিয়োগ দিয়ে নিজের ‘কমিশনটা’ ঠিকই আদায় করে নিচ্ছেন। কিন্তু সরকারের ন্যায্য পাওনাটা দিতে তাদের অনীহা।
এতে পর্যাপ্ত রাজস্ব জমা দেওয়ার সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট এবং শক্ত তদারকি না থাকায় সরকার হারাচ্ছে শত শত কোটি টাকা। শতভাগ ডিজিটাল পেমেন্ট, অনলাইন মনিটরিং, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা গেলে এবং লাইসেন্স ভাড়া দেওয়ার সংস্কৃতি বন্ধ করা গেলে পরিস্থিতির হয়তো কিছুটা উন্নতি হবে।
 
কাজি সমিতি ও নিবন্ধিত প্রায় এক ডজন কাজি জানান, মোটা অঙ্কের অর্থ ও রাজনৈতিক সুপারিশ ছাড়া কারও পক্ষে কাজি হওয়া অত্যন্ত দুষ্কর। একজন কাজির নিবন্ধন পেতে লাখ লাখ টাকা ঘুষ দিতে হয়। জেলা পর্যায়ে এ ঘুষ লেনদেন ৩ থেকে ১০ লাখ এবং ঢাকার অভিজাত এলাকায় ২০ থেকে ৪০ লাখ পর্যন্ত হয়ে থাকে। মন্ত্রণালয় ও জেলা রেজিস্ট্রি অফিসেও দিতে হয় মাসোহারা। সমিতির নামে প্রতি মাসে দিতে হয় আরও প্রায় ৫ হাজার টাকা চাঁদা।

সরকারি বিধিমালা অনুযায়ী লাইসেন্স ফি খাতে জমা দিয়ে চালানের মূল কপি সরকারের কাছে পাঠাতে হয়। নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্সের জন্য প্রার্থীকে সিটি করপোরেশন এলাকায় ২০ হাজার টাকা, সিটি করপোরেশন-বহির্ভূত জেলা সদরে অবস্থিত পৌরসভা এলাকায় ৪ হাজার টাকা, জেলা সদরের বাইরে অবস্থিত পৌরসভা এলাকায় ১ হাজার ৪০০ টাকা এবং ইউনিয়ন পরিষদ এলাকায় ১ হাজার টাকা নির্ধারিত ফি দিতে হয়। বিধিমালার অধীন লাইসেন্সপ্রাপ্ত প্রতিটি নিকাহ রেজিস্ট্রারকে প্রতি বছরের ৩১ মার্চের মধ্যে সরকারি ট্রেজারি বা সাব-ট্রেজারিতে বার্ষিক ফি খাতে সিটি করপোরেশন এলাকার ক্ষেত্রে ১০ হাজার টাকা, জেলা সদরের পৌরসভা এলাকার ক্ষেত্রে ২ হাজার টাকা, জেলা সদরের বাইরের পৌরসভা এলাকার ক্ষেত্রে ১ হাজার টাকা এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে ২০০ টাকা জমা দিতে হয়। তবে এসব টাকা আদৌ জমা দেওয়া হয় কি না কিংবা জমা দেওয়া হলেও তার পরিমাণ কত, তা জানে না আইন মন্ত্রণালয়।

সরকারের নামে কমিশন আদায়কারী প্রতিটি নিকাহ রেজিস্ট্রারকে এ বিধির অধীন আদায়কৃত ফি থেকে প্রতি অর্থবছরের ফি পরবর্তী অর্থবছরের ১৫ জুলাইয়ের মধ্যে ‘বিবাহ নিবন্ধন ফি-বার্ষিক’ খাতে চালানের মাধ্যমে জমা দেওয়ার কথা। যার পরিমাণ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের বিপরীতে ১৬ হাজার টাকা, পৌরসভার প্রতিটি এলাকার বিপরীতে ৪ হাজার টাকা এবং প্রতিটি ইউনিয়ন পরিষদের বিপরীতে দুই হাজার টাকা। তবে সেই টাকা সরকারের কোষাগারে জমা হচ্ছে কি না এবং অর্থবছরের কী পরিমাণ অর্থ জমা হয়, তার কিছুই জানেন না মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা

আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঢাকার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিবন্ধিত কাজি দায়িত্ব পালন করেন। রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডি, গুলশান, বনানী ও বসুন্ধরায় দেনমোহরের পরিমাণ সাধারণত ১০ লাখ থেকে কয়েক কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এসব এলাকায় কাবিননামার ক্ষেত্রে ২০ হাজার টাকার নিচে কোনো ফি নেওয়া হয় না। বর্তমান বিধিমালা অনুযায়ী, প্রতি ১ হাজার টাকা দেনমোহরের জন্য (৫ লাখ টাকা পর্যন্ত) ১৪ টাকা হারে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। তবে অভিযোগ রয়েছে, বিয়ের সময় সরকারের নামে কমিশন বা ফি আদায় করা হলেও আদায়কৃত অর্থের ১ শতাংশও সরকারের খাতায় জমা দেন না কাজিরা। তা ছাড়া অর্থ জমা দেওয়ার স্বচ্ছ ও কার্যকর কোনো ব্যবস্থা নেই এবং এখনো পর্যন্ত সরকারের অর্থ জমা নেওয়ার নির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট নম্বরও তৈরি করা হয়নি।

দেশে বর্তমানে নিবন্ধিত কাজির সংখ্যা প্রায় ৬ হাজার। গড়ে একজন কাজির মাসিক আয় প্রায় ২ লাখ টাকা ধরা হলে ৬ হাজার কাজির সম্মিলিত মাসিক আয় দাঁড়ায় প্রায় ১২০ কোটি টাকা। সেই হিসাবে বছরে এ খাতে মোট লেনদেন বা আয় হয় প্রায় ১ হাজার ৪৪০ কোটি টাকা।

সরকারের করনীতি অনুযায়ী, বছরে ৪ লাখ টাকার বেশি আয় হলে আয়কর দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ঢাকার অভিজাত এলাকা ছাড়াও অধিকাংশ এলাকার ওয়ার্ডে একজন কাজি মাসে ৫ থেকে ৭ লাখ টাকা আয় করেন। এসব কাজি লাইসেন্সের বিপরীতে বছরে নামমাত্র টাকা পরিশোধ করে বাকি সব টাকাই হাতিয়ে নেন। কিন্তু সরকারকে আয়কর দেওয়ার ক্ষেত্রে তাদের তীব্র অনীহা লক্ষণীয়। কোনো কোনো কাজি আবার নিজের স্থাবর সম্পত্তির ওপর আয়কর দিয়ে কাজি পেশার আয় গোপন করেন। রাজধানীর একজন কাজি কম করে হলেও বছরে অর্ধকোটি টাকা আয় করেন।

অনুসন্ধানে উঠে এসেছে, একটি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তি কাজি হিসেবে কাজ করছেন, যার ফলে মাঠপর্যায়ে জবাবদিহি ও তদারকি দুর্বল হয়ে পড়েছে। এ ধরনের অনিয়মের কারণে পুরো বিবাহ নিবন্ধন ব্যবস্থার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রায় ৩০০ কাজির নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হলে বিষয়টি আদালতে গড়ায়। বর্তমানে এসব বিষয়ে একাধিক মামলা ও রিট বিচারাধীন রয়েছে।

নিয়ম অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত দেনমোহরের ক্ষেত্রে প্রতি ১ হাজার টাকার জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৪ টাকা। কাজিদের মূলত পাওয়ার কথা সার্ভিস ফি, কিন্তু তারা উল্টো সরকারকে বার্ষিক সার্ভিস ফি দিচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে সরকারের নামে কমিশন আদায় করা হলেও আদায়কৃত অর্থের ১ শতাংশও জমা হয় না সরকারি কোষাগারে; উপরন্তু কাজিরা আলাদা বখশিশ দাবি করেন।

বিগত সরকারের আমলে নিকাহ রেজিস্ট্রার নিয়োগ, দেনমোহরের ওপর কাজিদের ফি, তালাক ফিসসহ বিভিন্ন বিষয়ে বিধিমালা সংশোধন করা হয়। এ সংশোধনে কাজিদের ফি বাড়ানো হলেও সরকারের নামে সংগৃহীত ফি জমা দেওয়ার জন্য সুনির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট নম্বর তৈরি করা হয়নি। আগের পদ্ধতিতে চালান নম্বরের মাধ্যমে বছরে এককালীন নামমাত্র টাকা জমা দেওয়া হয়। পুরোনো আইনের সঙ্গে কিছুটা সংযোজন করে কাজি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতার পরিধি বাড়িয়ে আলিয়া মাদরাসার পাশাপাশি কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীদেরও কাজি হওয়ার সুযোগ দেওয়া হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো.আবদুল ওয়াহাব বলেন, ‘সারা দেশে প্রায় ৬ হাজার রেজিস্ট্রারভুক্ত কাজি আছেন। এর মধ্যে বিভিন্ন অনিয়মের অভিযোগ ৫ শতাধিক রেজিস্ট্রারভুক্ত কাজির কার্যক্রম স্থগিত রাখা আছে।’

তিনি বলেন, ‘দেনমোহরের ওপর হাজারে ১৪ টাকা এবং লাখে ১৪শ টাকা সরকারের নামে আদায় করছেন কাজিরা। এ টাকার ওপর সরকারকে ট্যাক্স দিচ্ছে কি না সেটি আমরা দেখি না। আমাদের কাজ কাজিদের রেজিস্ট্রেশন দেওয়া।’

তিনি বলেন, ‘কাজিদের নিয়ে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এই পেশায় পরিবর্তন আনতে ডিজিটালাইজেশন করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমে ১০২ জেলায় কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে সব জেলায় হবে।’

মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নির্বাহী সভাপতি অধ্যক্ষ ড. মো. গোলাম কিবরিয়া বলেন, ‘নিয়ম মেনে সরকারের নামে কাজিরা কমিশন আদায় করেন। এসব টাকা বছরে দুবার সরকারের কোষাগারে জমা দেওয়া হয়। কাজিদের আয়ের ওপরও সরকারকে ট্যাক্স দেওয়া হয়। কিছু ভুয়া কাজি আছে, তারা ভুয়া ভলিউম থেকে শুরু করে নানা অপকর্মে জড়িত।’

সূত্র: কালবেলা

জনপ্রিয়