মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন।
ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের দীর্ঘদিনের জনজীবনের অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং একটি সফল মেয়াদের সূচনা করবে।
অভিনন্দন বার্তায় দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য। অভিন্ন ইতিহাসের ত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও বিস্তৃত হয়েছে।
দুই দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন ভারতের রাষ্ট্রপতি।
বার্তার শেষাংশে মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন দ্রৌপদী মুর্মু। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।



























