উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব, ১৪৪ ধারা জারি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৃথক নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় কালীগঞ্জ নৌকাঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪ ও ৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭ থেকে ৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজনের প্রস্তুতি নেয়। উভয় পক্ষই অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য ও জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়।
বিএনপির আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, বিএনপির উদ্যোগে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার প্রস্তুতি চলছিল। এ সময় জামায়াতের পক্ষ থেকে একই ঘাটে পৃথক আয়োজনের প্রস্তুতি নেওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
তিনি বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগের পর প্রশাসন প্রতিযোগিতা স্থগিত করে ১৪৪ ধারা জারি করেছে। নৌকাবাইচ এ অঞ্চলের ঐতিহ্য উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে আয়োজন সম্পন্ন করার আশা প্রকাশ করেন।
অন্যদিকে জামায়াত আয়োজিত নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, তারা ৪ ও ৫ সেপ্টেম্বর প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ প্রশাসনের কাছে অভিযোগ দিলে পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। এ কারণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, একই স্থানে পৃথকভাবে নৌকাবাইচ আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও কোনো পক্ষই প্রশাসনের অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে ৪ সেপ্টেম্বর থেকে কালীগঞ্জ নৌকাঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।



























