আজ শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের দুর্গোৎসব। আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয় দিনের এ উৎসব।
মহাষষ্ঠীর অধিবাসের মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গোৎসবকে ঘিরে আগামী কয়েক দিন পূজামণ্ডপগুলোতে থাকবে পূণ্যার্থীদের আনাগোনা। প্রথাগতভাবে মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পাঁচ দিন দুর্গাপূজা উদযাপিত হলেও এ বছর মহাসপ্তমীর তিথি দুদিন হওয়ায় উৎসবের ব্যাপ্তি বেড়েছে এক দিন।
পঞ্জিকা অনুযায়ী, আগামী শনিবার মহাসপ্তমী এবং রোববার অধিক পূজার মহাসপ্তমী পালিত হবে। সোমবার উদযাপিত হবে মহাষ্টমী ও কুমারী পূজা। মঙ্গলবার মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
এবার দেবী দুর্গার আগমন ঘোড়ায় এবং গমন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে মর্ত্যলোকে বাপের বাড়িতে বেড়াতে আসেন দেবী দুর্গা। পৌরাণিক কাহিনি অনুযায়ী, অসুর শক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোক থেকে বিতাড়িত হলে অশুভ শক্তির বিনাশে একত্র হন। দেবতাদের সম্মিলিত তেজরশ্মি থেকে আবির্ভূত হন অসুরবিনাশী মহাশক্তি দেবী দুর্গা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর দেশে রেকর্ডসংখ্যক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে, যা গত বছরের তুলনায় ৪৯৬টি বেশি। তবে ঢাকা মহানগরীতে রাস্তার ওপর পূজা আয়োজনের অনুমতি না পাওয়ায় এবার মণ্ডপের সংখ্যা তিনটি কমেছে। ফলে রাজধানীতে এ বছর ২৫৮টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।



























